.jpg)
শেষ আপডেট: 23 January 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল চক্ষু চড়কগাছ সকলের! এ কী! বাংলার অন্যতম জনপ্রিয় প্রযোজনা সংস্থা উইন্ডোজের পেজের প্রোফাইল পিকচারে এ কী! হয়ে গিয়েছে কালো। শুধু কি তাই! হিজিবিজি অক্ষরে তাতে লেখা কত কী!
প্রথমটায় সকলেই ভেবেছিলেন হ্যাকড হয়েছে বুঝি। তবে রাত বাড়তেই জানা গেল, খবর অন্য! ভূত নাকি দখল করে নিয়েছিলেন উইন্ডোজের ফেসবুক পেজ!
শুধু কি তাই? আপাতত ভূতের হাত থেকে রক্ষা পেলেও আবার আসবেন তেনারা। দিয়ে গিয়েছেন সাবধানবাণীও। কবে জানেন? এই বছরের বড়দিনে। কোথায় জানেন? ভানুপ্রিয়া ভূতের হোটেলে।
ভাবছেন তো, সে আবার কী? বাহবাযোগ্য এক কাজ করে ফেলেছেন জিনিয়া-শিবপ্রসাদ-নন্দিতা সহ গোটা টিম। ঘোষণা করেছেন নতুন ছবির। তবে তা করতে গিয়ে যেভাবে তা সামনে এনেছেন তা টলিপাড়ায় বেশ নতুন। এর আগে ঋতাভরী চক্রবর্তী নিজের বিয়ের খবর দিয়ে ঘটিয়েছেন এ হেন কাণ্ড! এবার সেই পথেই হাঁটল শিবু-নন্দিতার টিম।
নিজেদের পেজকে ছবির পোস্টারে সুসজ্জিত করে তাঁদের ঘোষণা, "আজ সকালে যাঁরা আমাদের পেজ দখল করেছিলেন তাঁরা আর কেউ নন, এক দল ভূত। আমরা ওঁদের হাত থেকে নিজেরা বাঁচলেও, ওঁরা বলে গেছেন-“আঁবারও দেঁখা হঁবে, এঁই বঁড়দিনে…” ভয় না পেয়ে আপনাদেরও কিন্তু আসতে হবে আমাদের সাথে। আমন্ত্রণ রইল। গন্তব্যস্থলঃ ভানুপ্রিয়া ভূতের হোটেল" ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। এর আগে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি', 'বাবা বেবি ও'র মতো ছবি পরিচালনা করেছেন অরিত্র। দর্শকদের ভাল লেগেছে তাঁর কাজ। তবে আগামী ছবিতে কে ভূত আর কেই বা মানুষ-- মানে কাস্টিংয়ে কে রয়েছে, সে বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ ওই প্রযোজনা সংস্থা। তবে শোনা যাচ্ছে ছবিতে নাকি থাকতে পারেন সোহম ও মিমি।