
শেষ আপডেট: 9 March 2023 08:06
দ্য ওয়াল ব্যুরো: সামাজিক বার্তা কিংবা পারিবারিক ছবি নয়, এবার থ্রিলার জঁরে নাম লেখালেন টলিউডের জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shibaprasad Mukherjee)। আজ প্রকাশ্যে এল সেই ছবির নাম ও পোস্টার। জানা গেছে, এবছর পুজোতেই মুক্তি পেতে চলেছে তাঁদের আগামী ছবি 'রক্তবীজ' (Raktabeej)।
বৃহস্পতিবার সকালে সে ছবির খবর প্রকাশ্যে এনেছেন পরিচালক জুটি। সামাজিক মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করে তাঁরা ক্যাপশনে লিখলেন, "যা চণ্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী, যা ধূম্রেক্ষণচণ্ডমুণ্ডমথনী যা রক্তবীজাশনী। রক্তবীজের সঙ্গে যুদ্ধে কে বাঁচাবে বাংলাকে?" এই ছবিতেই প্রথমবার জুটি বাঁধছেন মিমি চক্রবর্তী এবং আবির চট্টোপাধ্যায়। এর পাশাপাশি 'রক্তবীজ'-এই প্রথমবার শিবু-নন্দিতা জুটির সঙ্গে কাজ করবেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ছবির যা স্টারকাস্ট, তাতে ইতিমধ্যে সিনেমাপ্রেমী মহলে উন্মাদনা শুরু হয়েছে।
এই প্রথম দুর্গাপুজোর ছুটিতে শিবু-নন্দিতার সিনেমা মুক্তি পাবে। এই পরিচালক জুটির ছবি মানেই বাঙালি দর্শকদের বাড়তি প্রত্যাশা। প্রতিবছর গরমে এই পরিচালক জুটির ছবি মুক্তি পেলেও এ বছরে তা আর হবে না। বদলে পুজোর ভিড়েই তাঁরা এবার নিয়ে আসছেন রক্তবীজ। এই নিয়ে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "ছবির গল্প যে ঘটনাকে কেন্দ্র করে, তাতে মনে হয়েছে পুজোয় মুক্তি পাওয়াই সবথেকে ভাল হবে। তাই পুজোর ছুটিই বেছে নেওয়া হয়েছে।"
এদিন প্রযোজনা সংস্থার তরফে ছবির যে পোস্টার সামনে আনা হয়েছে, তাতে দেখা যাচ্ছে একটি জবাফুলের ছবি, যাতে দাউদাউ করে আগুন জ্বলছে। পোস্টারটি এঁকেছেন টলিউডের প্রখ্যাত প্রচার-অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য। ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, দেবাশিস ভট্টাচার্য। উল্লেখ্য, ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায় ও দোহার ব্যান্ড। আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে 'রক্তবীজ'-এর শ্যুটিং। কলকাতার পাশাপাশি বোলপুর, ধূলাগড় এবং বানতলায় ছবির শ্যুটিং হবে বলে খবর।
পুজোয় আসছে নন্দিতা-শিবপ্রসাদের ছবি, অনস্ক্রিনে এই প্রথম আবির-মিমির জুটি