শেফালির কথায়, ‘‘বাবা একেবারেই চাইতেন না আমি এটা করি। প্রথমে মাকে রাজি করাই, তারপর মা-বাবা মিলে বাবাকে বোঝাই। বাকিটা তো ইতিহাস। গানটা রাতারাতি হিট হয়ে যায়। আমার জীবনটাই বদলে যায়।’’

কত টাকা পেয়েছিলেন শেফালি?
শেষ আপডেট: 29 June 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: ‘কাঁটা লাগা’গানের সেই চেনা মুখ, শেফালি জারিওয়ালার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি। এর মধ্যেই ফের সামনে এল তাঁর পুরোনো একটি সাক্ষাৎকার। যেখানে শেফালি জানিয়েছিলেন, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই গানের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ৭ হাজার টাকা! তবে শুধু টাকার জন্য নয়, বাবার প্রবল আপত্তি সত্ত্বেও কীভাবে এই কাজটি করেছিলেন, সেই গল্পও শুনিয়েছিলেন নিজের মুখে।
শেফালি সেই সাক্ষাৎকারে বলেছিলেন,‘‘আমি তখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি। আমাদের পরিবারে সবাই অ্যাকাডেমিকসের সঙ্গে যুক্ত। মা-বাবা চাইতেন আমি শুধু পড়াশোনার দিকেই মন দিই। কিন্তু যখন রাধিকা রাও এবং বিনয় সাপ্রু এসে অফার দেন, তখন আমি রাজি হয়ে যাই। কারণ, সেই সময় টিভিতে নিজেকে দেখার স্বপ্ন ছিল। আর সঙ্গে ৭ হাজার টাকা পাব।’’
তবে এই সিদ্ধান্ত বাবার মোটেও পছন্দ হয়নি। শেফালির কথায়, ‘‘বাবা একেবারেই চাইতেন না আমি এটা করি। প্রথমে মাকে রাজি করাই, তারপর মা-বাবা মিলে বাবাকে বোঝাই। বাকিটা তো ইতিহাস। গানটা রাতারাতি হিট হয়ে যায়। আমার জীবনটাই বদলে যায়।’’
শুধু ‘কাঁটা লাগা’ নয়, শেফালি পরবর্তীতে বলিউডের ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে অভিনয় করেছিলেন। অংশ নিয়েছিলেন নাচের রিয়্যালিটি শো ‘নচ বলিয়ে’-তেও। ওয়েব সিরিজ ‘বেবি কাম না’ দিয়ে ডেবিউ করেছিলেন ডিজিটাল মাধ্যমে।
তবে ‘কাঁটা লাগা’ই তাঁর জীবনের সবচেয়ে বড় মুহূর্ত হয়ে থেকে যায়। শেফালি না থাকলেও এই গান মুছে যাবে না দর্শকের মন থেকে।