
কেন যাননি শত্রুঘ্ন?
শেষ আপডেট: 20 January 2025 19:57
দ্য ওয়াল ব্যুরো: সালটা ২০০৭। চুপিসারেই বিয়ে সেরেছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। তাঁদের বিয়ে নিয়ে মানুষের মধ্যে কৌতূহল থাকলেও ইন্ডাস্ট্রি থেকে সেভাবে আমন্ত্রণ জানানো হয়নি কাউকেই।
জানেন কি, অভি-অ্যাশের বিয়ের পর এক কার্ড গিয়েছিল অভিনেতা শত্রুঘ্ন সিনহার কাছে, সঙ্গেছিল মিষ্টি। তবে সেই কার্ড-মিষ্টি ফিরিয়ে দেন বলিউডের 'খামোশ' ম্যান। কিন্তু কেন?
যে কার্ডটি বচ্চন পরিবারের তরফে পৌঁছেছিল শত্রুঘ্নের কাছে, তা আদপে আমন্ত্রণ পত্র নয়। আশীর্বাদ নেওয়ার জন্য পাঠানো হয়েছিল কার্ড। পরবর্তীতে এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন বলেন, "ডাকেইনি যখন তখন আবার মিষ্টি কীসের? নিজেকে এভাবে দ্বিতীয় স্থানে রেখে লজ্জিত হওয়ার কী মানে? আমি আশা করেছিলাম, অন্তত অমিতাভ বা পরিবারের কেউ আমাকে ফোন করবেন। কিন্তু সেই ফোন আমি পাইনি। তাহলে আবার এই মিষ্টির মানে কী?"
অন্যদিকে অভিষেক যুক্তি ছিল, সে সময় তাঁর ঠাকুমা তেজি বচ্চন হাসপাতালে। তাই চাইলেও বেশি জনকে ডাকতে পারেননি তাঁরা। তাঁর কথায়, "আমার বাবা-মা চেয়েছিলেন ডাকতে। পারেননি। সবাইকে কার্ড পাঠানো হয়েছিল, আশীর্বাদ চেয়ে পাঠানো হয়। সবাই ব্যাপারটা ভালভাবেই গ্রহণ করে। শুধু একজন ছাড়া। তিনি আর কেউ নন, শত্রুঘ্ন সিনহা। উনি কার্ড ফেরত পাঠিয়ে দেন। ঠিকাছে, সবাইকে তো আর খুশি করা যায় না।"
বিরাট-অনুষ্কা অথবা দীপিকা-রণবীরের মতো বিদেশে গিয়ে বিয়ে করেননি ঐশ্বর্যা-অভিষেক। ছিমছাম ভাবেই হয়েছিল বিয়ে। তবে বিগত বেশ কিছু সময় ধরে বলিউডে খবর, সম্পর্ক নাকি ভাল যাচ্ছে না তাঁদের মধ্যে। এও শোনা যাচ্ছে, এই মুহূর্তে নাকি মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্যা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি বচ্চন পরিবার।