
মায়ের সঙ্গে শান্তনু
শেষ আপডেট: 16 February 2025 22:18
দ্য ওয়াল ব্যুরো: গান গাইছেন কৌশিকী চক্রবর্তী। বিচারকের আসনে তখন শান্তনু মৈত্র, কৌশিকী নিজে, ইন্দ্রদীপ দাশগুপ্তসহ অনেক গুণীজন। এমন সময় মঞ্চে আগমন এক 'তরুণ তুর্কী'র। দুধসাদা কেশরাজি, গলায় মুক্তোর মালা, পরেছেন শাড়ি। সদ্য যৌবনা কিশোরী মতো সারা মঞ্চ দাপিয়ে বেড়ালেন তিনি। এ নাচ যেন স্বর্গীয়। খাতায় কলমে 'তরুণী'র বয়স প্রায় ৮০। পরিচয় সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্রের মা মঞ্জু দেবী। দিল্লির বাসিন্দা মঞ্জু দেবী সদ্য হাজির হয়েছিলেন সারাগামাপার সেটে। আর সেখানেই আরও একবার নাচের ছন্দে উপস্থিত দর্শককে মোহিত করলেন তিনি।
কৌশিকী গাইছিলেন তাঁর সেই বিখ্যাত গান, 'আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান"। সেই গানের সঙ্গেই নৃত্য পরিবেশনা করতে দেখা গেল তাঁকে। তবে এই প্রথম নয়, অতীতেও নাচের মাধ্যমে সাধারণের মন জয় করেছেন তিনি। ফের একবার মুগ্ধ হলেন সকলে।
সারেগামাপা-র সফর ইতিমধ্যেই শেষ হয়েছে। ফাইনালে সেরার শিরোপা কার হাতে উঠেছে, কিংবা ১০জন ফাইনালিস্ট কারা, সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে। তবে টিভির পর্দায় এপিসোড এখনও বেশ কয়েকধাপ পিছিয়ে। কবে ফিনালে টেলিকাস্ট হবে তারই অপেক্ষা সাধারণ দর্শক।
রইল মঞ্জু দেবীর নাচের ঝলক