
শেষ আপডেট: 23 January 2024 16:45
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে দেখে শুনেই বিয়ে মীরা-শাহিদের। দুজনের বয়সের ফারাক অনেক, প্রায় ১৩ বছর। দুজনের কেউই জানত না যে ওদের বিয়ের জন্যই মা-বাবা দুজনকে দেখা করিয়েছেন। প্রথমে বিষয়টা অদ্ভুত লাগলেও পরে দুজনের দেখা হওয়ার পর খারাপ লাগে না। কথাও শুরু হয়, তারপর ধীরে ধীরে দুজনেই বুঝতে পারে যে তাঁরা একে অপরের সঙ্গে থাকতে চায়।
কিন্তু এমন কী হল যার জন্য রোবটের প্রেমে ছুটতে হচ্ছে অভিনেতাকে? রোবটের প্রেমে শাহিদ! হ্যাঁ, এটাই শাহিদের নতুন সিনেমার গল্প। নাম, 'তেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়া'। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যেখানে নায়িকার চরিত্রে আছেন কৃতি শ্যানন। ট্রেলারে দেখা যায় কৃতি আসলে একজন রোবট। এমন কিছু নেই যা সে জানে না। তার কাজকর্মে সকলের কাছে সে চোখের মণি হয়ে ওঠে। এই রোবটের প্রেমে পড়ে শাহিদ কাপুর। কিন্তু রোবটের সঙ্গে মানুষের প্রেম কি সম্ভব? এটা নিয়েই ছবির গল্প।
২০১৯ সালে 'কবীর সিং'-এ বিপুল সাফল্য পেয়েছেন শাহিদ। এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরেও তার কোনও ছবি বক্সঅফিসে সেভাবে লাভের মুখ দেখতে পায়নি যা করেছে 'কবীর সিং'। এরপরে 'জার্সি' ও 'ব্লাডি ড্যাডি' মুক্তি পেলেও সেভাবে দর্শকদের মনে জায়গা করতে পারেনি। তবে অ্যামাজন প্রাইমে সিরিজ 'ফারজি' সবার বেশ পছন্দ হয়েছে। প্রথমবার ওটিটিতে অভিনয় করেন শাহিদ। ওটিটির পর্দায় অভিনেতার ভক্তরা তাঁকে দেখে মুগ্ধ হয়।
'তেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়া' সিনেমাটির তিনটি গান মুক্তি পেয়েছে ইতিমধ্যে। ছবিটি এবার দর্শকদের পছন্দ হয় কিনা সেটাই দেখার। ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি।