শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর মুক্তির তারিখ ঘোষণা।

‘কিং’
শেষ আপডেট: 24 January 2026 17:27
দ্য ওয়াল ব্যুরো: শাহরুখ খানের (Shah Rukh Khan) বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এর (King Movie) মুক্তির তারিখ অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। নির্মাতাদের তরফে জানানো হয়েছে, আগামী ২০২৬ সালের ২৪ ডিসেম্বর (King Release Date), অর্থাৎ ক্রিসমাস ইভে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
উৎসবের মরশুমে মুক্তি পাওয়ায় ‘কিং’ যে বক্স অফিসে বড়সড় আলোড়ন তুলতে চলেছে, তা বলাই বাহুল্য। দীর্ঘ অপেক্ষার পর মুক্তির দিন ঘোষণা হতেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শাহরুখ খানের এই মেগা প্রজেক্ট ঘিরে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। শাহরুখ তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে মুক্তির দিনটি জানিয়ে দিয়েছেন।
এর আগে, গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছিল ছবির শিরোনাম ও টাইটেল রিভিল। সেখানেই প্রথমবার দেখা যায় রুপোলি চুলে অ্যাকশনধর্মী লুকে শাহরুখকে। সঙ্গে ছিল এসআরকে-র জন্য বিশেষভাবে তৈরি থিম সং এবং তাঁর সংলাপ, “ডর নেহি, দহশত হুঁ”। সেই টাইটেল রিভিল মুক্তি পাওয়ার পরই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়।
এবার মুক্তির দিন ঘোষণা হতেই ছবিটি ঘিরে প্রত্যাশা আরও বেড়েছে। রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ ইতিমধ্যেই ২০২৬ সালের সবচেয়ে প্রতীক্ষিত বড়পর্দার ছবি হিসেবে উঠে আসছে বলে মনে করছেন সিনে মহল।