
শেষ আপডেট: 31 October 2023 15:48
দ্য ওয়াল ব্যুরো: সিনেমাহলে এখনও রমরমিয়ে চলছে ‘জওয়ান’। বক্স অফিসে শাহরুখ ম্যাজিক পুজোর পরেও অব্যাহত। ছবিতে দ্বৈত চরিত্রে কিং খানকে দেখে মুগ্ধ অনুরাগীরা। এরমধ্যেই দুয়ারে কড়া নাড়তে শুরু করেছে অভিনেতার আগামী ছবি ‘ডানকি’। আসছে বড়দিনেই সেই ছবি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা। আর সেই সিনেমার প্রথম ঝলক নাকি প্রকাশ্যে আসবে আগামী বৃহস্পতিবার, ২ নভেম্বর অর্থাৎ শাহরুখের জন্মদিনে।
‘পাঠান’ বা ‘জওয়ান’-এর থেকে একেবারে আলাদা লুকে ‘ডানকি’-তে দেখা যাবে শাহরুখ খানকে। এই প্রথম তিনি জুটি বেঁধেছেন রাজকুমার হিরানির মতো পরিচালকের সঙ্গে। তাই ছবিটি নিয়ে শাহরুখ অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে। ছবির টিজার, ট্রেলার, গান দেখার এবং শোনার জন্য চাতকের মতো অপেক্ষায় রয়েছেন সবাই। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। সূত্রের খবর, ২ তারিখ শাহরুখ নিজের বাংলো ‘মন্নত’ থেকেই ‘ডানকি’র ফার্স্ট লুক প্রকাশ্যে আনবেন।
বর্তমান সময়ে ভারতীয় সিনেমাজগতে রাজকুমার হিরানি অন্যতম সফল এবং নামী পরিচালক। এবার তাঁর ছবির প্রধান চরিত্রে এমন একজনকে দেখা যেতে চলেছে, যার খ্যাতি বিশ্বজোড়া। হাজারও বিতর্ক, একের পর এক ছবি ফ্লপ হওয়ার পরেও যাঁর ‘কিং খান’ তকমা সরানো যায়নি, যাঁর স্টারডম এখনও অনেকের কাছে ঈর্ষার বিষয়। সেই শাহরুখ খানকে একেবারে অন্যরকম একটি চরিত্রের ছাঁচে ফেলে দর্শকদের সামনে হাজির করবেন পরিচালক। এমনটাই শোনা যাচ্ছে বলিউডের অন্দরে।
আর এমন খবর ছড়িয়ে পড়ছে বাইরে, সোশ্যাল মিডিয়াতেও। তাই স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে আশাবাদী দর্শকরা। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এ শাহরুখকে প্রথমবার হার্ডকোর অ্যাকশন করতে দেখা গিয়েছিল। দু’টি ছবিই এবছর বলিউডের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এবার সেই একই বছরের শেষে এসে পুরোপুরি অন্যরকম চরিত্রে নিজেকে পর্দায় তুলে ধরবেন শাহরুখ। এখন দেখার, আগের দু’টি ছবিতে দর্শকরা যেভাবে শাহরুখকে ভালবেসে বক্স অফিসে লক্ষ্মীর জোয়ার এনেছিলেন, এবারও তেমনটা হয় কিনা।