
শেষ আপডেট: 13 July 2023 08:17
দ্য ওয়াল ব্যুরো: মেট্রো প্ল্যাটফর্মে এসে থামতেই উঠে দাঁড়ালেন তিনি। খুলে ফেললেন মুখে জড়ানো ব্যান্ডেজ। দেখা গেল একেবারে অচেনা মুখ। মুণ্ডিত মস্তকে দাঁড়িয়ে শাহরুখ খান (Shah Rukh Khan)। এক ঝলকে যাকে চেনাই দায়! গত সোমবার, ১০ জুলাই মুক্তি পেয়েছে অভিনেতার আগামী ছবি ‘জওয়ান’-এর প্রিভিউ বা প্রথম ঝলক। সেখানেই এমন লুকে চমক দিয়েছেন ‘কিং খান’। ন্যাড়া মাথার (bald head) শাহরুখকে মেট্রোর ভিতরে অদ্ভুত নাচের দৃশ্যও এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তেমনই অনেকে হয়তো লক্ষ্য করেছেন শাহরুখের ন্যাড়া মাথায় কিছু একটা ট্যাটু (tattoo) করা। কিন্তু সেখানে কী লেখা বা আঁকা, তা কিছুতেই বোঝা যায়নি।
এবার সেই ট্যাটুর শব্দগুলিই প্রকাশ্যে এল। সেখানে জ্বলজ্বল করছে তিনটি শব্দ- ‘মা জগৎ জননী’। শাহরুখকে গায়ে হাতে ট্যাটু করা লুকে খুব একটা দেখা যায়নি। ‘রা ওয়ান’ বা ‘ডন’-এর কিছু দৃশ্যে এমন লুকে ধরা দিয়েছেন ‘বাদশা’। কিন্তু এবার একেবারে নতুন অবতারে অভিনেতাকে দেখে উছ্বসিত তাঁর অনুরাগীরা। ফলত ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, শাহরুখের টাক মাথার এই ট্যাটুই কি এবার নতুন ট্রেন্ড হবে? এর আগে বহুবার দেখা গিয়েছে, বলিউডে কোনও হিরো বা হিরোইনের সাজই হয়ে গিয়েছে ফ্যাশন ট্রেন্ড। এই তালিকায় শাহরুখের ‘মহব্বতেঁ’ ছবির টার্টেল নেক সোয়েটার যেমন আছে, তেমনই রয়েছে সলমন খানের ‘তেরে নাম’ ছবির চুলের ছাঁটও। এবার সেখানে ‘জওয়ান’-এর ট্যাটুর সংযোজন হলে অবাক হওয়ার কিছু থাকবেনা।

উল্লেখ্য, আগামী ৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। চার বছরের বিরতি কাটিয়ে ফেরার পর নায়ক হিসাবে এটা তাঁর দ্বিতীয় ছবি। তামিল চলচ্চিত্র জগতের পরিচিত পরিচালক অ্যাটলি কুমারের নির্দেশনায় ছবিতে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, নয়নতারা, সানিয়া মালহোত্রার মতো তারকারা। বিশেষ চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোনও। প্রথমে ২ জুন ছবিটির মুক্তির দিন ঠিক হলেও পরে শ্যুটিংয়ের কাজ শেষ না হওয়ায় ছবির মুক্তির পিছিয়ে দেওয়া হয়। আপাতত প্রথম ঝলক মুক্তি পেয়েছে। তাতে গল্প সেভাবে বোঝা না গেলেও শাহরুখের চরিত্রে যে অনেকরকম শেড রয়েছে, তা পরিষ্কার। এরপর ধীরে ধীরে টিজার, ট্রেলার মুক্তি পেলে গল্প আরও খানিকটা খোলসা হবে।
শাহরুখের নতুন রূপে উচ্ছ্বসিত সলমন! ‘জওয়ান’-এর প্রিভিউ দেখে ভাইজান বললেন…