
শেষ আপডেট: 12 July 2023 10:02
দ্য ওয়াল ব্যুরো: ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। মুম্বইয়ের রাস্তায় বাইক চালাতে চালাতে ‘কোই না কোই চাহিয়ে প্যায়ার করনেওয়ালা’ গাইছেন একটা নতুন ছেলে, এই দৃশ্য গোটা দেশে কত যে নারী মনে ঝড় তুলে দিয়েছিল, তার ইয়ত্তা নেই। কিন্তু অনেকেই হয়তো জানেন না, এটাই শাহরুখের প্রথম ছবি ছিল না। ‘সার্কাস’, ‘ফৌজি’র মতো সিরিয়ালগুলি করার পর তিনি প্রথম যে হিন্দি ছবিতে সই করেছিলেন, সেটার নাম ‘দিল আশনা হ্যায়’। হেমা মালিনী (Hema Malini) প্রযোজিত ও পরিচালিত এই ছবির মাধ্যমেই প্রথম বি টাউনে রেখেছিলেন অভিনেতা। সেই তরুণ অভিনেতা শাহরুখকে নিয়ে দারুণ এক ভবিষ্যদ্বাণী করেছিলেন হেমা মালিনীর গুরুমা (Guru Maa)। সম্প্রতি সেই পুরনো দিনের কথা এক সাক্ষাৎকারে জানালেন হেমা।

বর্ষীয়ান অভিনেত্রী বলেন, “শাহরুখকে আমি প্রথম দেখি ‘ফৌজি’ সিরিয়ালে। সেখানে ওঁকে দেখতে এত মিষ্টি লেগেছিল যে, তখনই ঠিক করেছিলাম ‘দিল আশনা হ্যায়’ ছবিতে ওঁকেই লিড হিরো হিসাবে নেব। এরপর আমার বোন প্রথম শাহরুখের সঙ্গে কনট্যাক্ট করে। মুম্বইয়ে প্রথম সামনাসামনি দেখা হওয়ার পর ধর্মেন্দ্ররও ওঁকে খুবই পছন্দ হয়। কিন্তু একেবারে আনকোরা একটা ছেলে কেমন অভিনয় করবে সিনেমায়, তা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। এমন সময় একদিন আমার গুরুমা এমন একটা কথা বললেন, যাতে শাহরুখের উপর আমার ভরসা কয়েকগুণ বেড়ে গিয়েছিল।”

তিনি বলেন, “শ্যুটিং শুরুর কয়েকদিন আগে আমি গুরুমা’র সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাঁকে জানাই যে আমি নতুন একটি ছবি পরিচালনা শুরু করতে চলেছি। তখন তিনিই সিনেমার নামকরণ করে দেন। বলেন, ‘দিল আশনা হ্যায়’। এরপর গুরুমা বলেন, বড় হিরো রয়েছে আমার ছবিতে। সে কথা শুনে আমি বলি যে, ছেলেটা বড় কোনও হিরো না। একেবারে নতুন। তখন তিনি আবার বলেন, ‘না না না… তুমি বড় হিরো পেয়েছ।’ পরে আমি সেই কথার অর্থ বুঝতে পেরেছিলাম। সত্যিই তো শাহরুখ বড় স্টার হল ভবিষ্যতে। একজন সুপারস্টারের জন্ম হবে বলিউডে, তা তিনি কত আগেই বুঝতে পেরেছিলেন।”
এরপর হেমা আরও বলেন, “আমি তখন সবে ছবির স্ক্রিপ্ট লেখা শুরু করেছিলাম। প্রথম থেকেই ঠিক করেছিলাম যে, একেবারে নতুন হিরোকে নিয়ে আমার ছবিটা বানাব। সেসময় টিভিতে ‘ফৌজি’ হতো। সেখানেই শাহরুখকে দেখে পছন্দ হয় আমার। ঠিক করি যে, ওঁকে নিয়েই আমি ছবি বানাব। আমার সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা শাহরুখ নিজেই প্রমাণ করে দিয়েছে।” উল্লেখ্য, ‘দিল আশনা হ্যায়’ ছবিতে শাহরুখের বিপরীতে ছিলেন দিব্যা ভারতী। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, ডিম্পল কাপাডিয়া, অমৃতা সিং ও সোনু ওয়াহলিয়ার মতো তারকাদের।
শাহরুখের নতুন রূপে উচ্ছ্বসিত সলমন! ‘জওয়ান’-এর প্রিভিউ দেখে ভাইজান বললেন…