
শেষ আপডেট: 27 December 2023 17:32
দ্য ওয়াল ব্যুরো: গত ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত, রাজকুমার হিরানি পরিচালিত ছবি ‘ডানকি’। এই অভিনেতা-পরিচালক জুটিকে দীর্ঘদিন ধরেই একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সেই স্বপ্নপূরণ হয়েছে ২০২৩-এ। কিন্তু আজ থেকে ২০ বছর আগেই দর্শকদের ইচ্ছে পূরণ হয়ে যেত, যদি না শেষমুহূর্তে শাহরুখ পিছিয়ে আসতেন। তাও একবার না, দু’বার এমনটা ঘটেছে। চিত্রনাট্য পছন্দ হওয়া সত্ত্বেও রাজু হিরানির ছবিতে কাজ করেননি ‘বলিউড বাদশা’।
‘মুন্নাভাই এমবিবিএস’ এবং ‘৩ ইডিয়টস’-এ কাজের জন্য পরিচালকের তরফে প্রথম প্রস্তাব যে শাহরুখের কাছেই গিয়েছিল, তা বলিউডে ওপেন সিক্রেট। কিন্তু তিনি কেন কাজ করেননি? কেউ বলেন ছবির স্ক্রিপ্ট নাকি শাহরুখের পছন্দ হয়নি। তিনি অনেক জায়গায় চিত্রনাট্য পাল্টাতে বলেছিলেন। সেই নিয়ে পরিচালকের সঙ্গে তাঁর মতানৈক্যও হয়েছিল। কিন্তু সত্যিটা কী? সে বিষয়ে অবশেষে মুখ খুলেছেন শাহরুখ। সম্প্রতি অভিনেতা জানালেন কেন রাজু হিরানির সঙ্গে কাজ করতে এত দেরি হল।
‘মুন্নাভাই এমবিবিএস’-এ অভিনয়ের জন্য রাজকুমার হিরানি প্রথম গিয়েছিলেন শাহরুখের কাছেই। অভিনেতার কথায়, “আমি তখন ‘দেবদাস’-এর শ্যুটিং করছিলাম। হঠাৎ একদিন রাজকুমার হিরানি আমার কাছে এসে বলে একটা স্ক্রিপ্ট রয়েছে, শোনাতে চাই। আমি তাঁকে দু’দিন পর আমার অফিসে আসতে বলি। এরপর চিত্রনাট্য শুনে বেশ পছন্দ হয়। দেরি না করে শিগগিরই শ্যুটিং শুরুর কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেসময় শিরদাঁড়ায় চোট লাগে আমার। অপারেশনও করতে হয়েছিল।”
শাহরুখের কথায়, “চোটের কারণে শ্যুটিং থেকে বেশ কয়েকমাস দূরে থাকতে হয়েছিল। এদিকে ‘মুন্নাভাই…’-এর তখন শ্যুটিং শুরু হওয়ার কথা। শেষমুহূর্তে আমিই ওঁদেরকে সঞ্জুর (সঞ্জয় দত্ত) নাম সাজেস্ট করি। বাকিটা তো সবাই দেখেছেন। আমার মনে হয়, ওই চরিত্রটির জন্য সঞ্জয়ই আদর্শ অভিনেতা। ওঁর কেরিয়ারের অন্যতম সেরা ছবি এটি।” কিন্তু ‘৩ ইডিয়টস’-এর সময় কেন পিছিয়ে গেলেন শাহরুখ? র্যাঞ্চোর চরিত্রে আমিরের বদলে তাঁরই তো থাকার কথা ছিল। সেটা কেন হল না?
শাহরুখ বলেন, “বছরখানেক বাদে রাজু আবার আমার কাছে ‘৩ ইডিয়টস’-এর প্রস্তাব নিয়ে এল। আবার দারুণ একটা বিষয়ের উপর স্ক্রিপ্ট। কিন্তু তখন আমার হাতভর্তি কাজ। এদিকে রাজকুমার হিরানিও ছবির শ্যুটিংয়ে দেরি করবেন না। কিন্তু ততদিনে অন্য প্রযোজকদের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে আমার। তাই এবারও ওঁর সঙ্গে কাজের সুযোগ ছাড়তে হয়েছিল। ওঁরা আমিরকে নিয়ে শ্যুটিং শুরু করলেন। সেই ছবি ব্লকবাস্টার হল। তবে শেষ অবধি রাজুর সঙ্গে কাজ করতে পারলাম। আমি এতেই খুশি।”