
শেষ আপডেট: 29 April 2023 12:22
দ্য ওয়াল ব্যুরো: ভক্তদের ভিড়ে আটকে পড়লেন বাদশা। একটা সেলফির আবদারে তাঁর দিকে ছুটে এল অজস্র হাত, মোবাইল ফোন। পাশে থাকা নিরাপত্তারক্ষীরাও যেন সেই পরিস্থিতি সামলাতে ব্যর্থ হলেন। এরপর শেষমেশ কোনওভাবে তাঁকে ওই ভিড় থেকে উদ্ধার করে নিয়েই ছুট লাগালেন বাউন্সাররা। শ্রীনগর বিমানবন্দরে (Srinagar airport) অত্যুৎসাহী ভক্তদের এমনই ভালবাসার শিকার হলেন শাহরুখ খান (Shah Rukh Khan Srinagar airport)। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
গত সোমবারেই নিজের আগামী ছবি 'ডানকি'র (Dunki) শ্যুট করতে কাশ্মীরের সোনমার্গে গিয়েছিলেন শাহরুখ। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাঁকে একঝলক দেখতে ভিড় জমে যায় এলাকায়। সেখানে কাশ্মীরি শাল পরিয়ে, পুষ্পস্তবক দিয়ে অভিনেতাকে স্বাগত জানানো হয়। ১০ বছরেরও বেশি সময় পর কাশ্মীরে কোনও ছবির শ্যুটে গিয়েছিলেন কিং খান। ফলত তাঁকে ঘিরে উন্মাদনা যে বাঁধভাঙা হবে, সেটাই স্বাভাবিক।
এরপর টানা চারদিন কাশ্মীরের বিভিন্ন লোকেশনে ঘুরে ঘুরে শ্যুটিং শেষ করেন অভিনেতা। কিন্তু গোল বাঁধে শনিবারে। কাশ্মীরের শিডিউল শেষ করে মুম্বই ফেরার জন্য শ্রীনগর এয়ারপোর্টে আসেন শাহরুখ। ওখান থেকেই বিমান ধরার কথা ছিল তাঁর। কিন্তু ফ্লাইট ধরার আগে ভক্তদের কাছেই ধরা পড়ে গেলেন বাদশা। এত কাছ থেকে অভিনেতাকে দেখতে পেয়ে কেউই আসলে সেলফির সুযোগ হাতছাড়া করতে চাইছিলেন না।
এদিকে ভিড়ে আটকে পড়ে তখন অভিনেতা ভাবছেন, এই বুঝি ফ্লাইট মিস হল! এরপর কোনওরকমে ভিড় ঠেলে শাহরুখকে এগিয়ে যাওয়ার রাস্তা করে দেন নিরাপত্তারক্ষীরাই। বিমানের দিকে পৌঁছে কোনওরকমে হাঁফ ছেড়ে বাঁচেন কিং খান। আসলে ভক্তদের ভালবাসাতেই একজন অভিনেতা স্টার থেকে সুপারস্টার হন। কিন্তু মাঝেমধ্যে এই ভালবাসাই যে প্রিয় তারকার উদ্বেগের কারণ হতে পারে, শাহরুখের এই অভিজ্ঞতাই তার সবথেকে বড় প্রমাণ।
জওয়ান নিয়ে বড় রায় দিল্লি হাইকোর্টের! শাহরুখের আবেদনে কী বললেন বিচারপতি?