
শেষ আপডেট: 23 August 2023 10:18
দ্য ওয়াল ব্যুরো: ৭ সেপ্টেম্বর ছবি মুক্তি। তার আগে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে গেল শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জওয়ান’ (Jawan)। তবে ‘পাঠান’-এর মতো বাদশার এই ছবিতেও কাঁচি চালানো হয়েছে। বেশ কয়েকটি দৃশ্য এবং সংলাপ কাটা পড়েছে ও পরিবর্তন হয়েছে। এরপর সেন্সর বোর্ড থেকে (censor board) ‘ইউ/এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে অ্যাটলি পরিচালিত এই ছবিকে।
জানা গিয়েছে, মোট সাতটি দৃশ্য বা সংলাপে কাঁচি চালানো হয়েছে। সেখান থেকে বাদ দিতে হয়েছে বেশ কিছু রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ সংলাপ, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো কিছু দৃশ্য ও হিংসার কিছু ছবি। এছাড়াও ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে বলা একটি সংলাপকে অপ্রয়োজনীয় বলে দাবি করেছে সেন্সর বোর্ড। তাই সেটিকেও ছেঁটে ফেলতে বলা হয়েছে।

এর পাশাপাশি পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি সংলাপ। ন্যাশনাল সিকিওরিটি গার্ড, ভোটদানের প্রসঙ্গ-সহ কয়েকটি দৃশ্য ছবি থেকে বাদ গিয়েছে বা পরিবর্তন করা হয়েছে। যেহেতু ছবিটি ‘ইউ/এ’ সার্টিফিকেট পেয়েছে, তাই ১২ বছরের কম বয়সি শিশুরা অভিভাবক বা অভিভাবিকাকে ছাড়া এই ছবি দেখার অনুমতি পাবে না। প্রেক্ষাগৃহে টিকিট বিক্রির সময়েও এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শাহরুখ খান ছাড়াও এই ছবিতে দেখা যাবে দক্ষিণের বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়ামণির মতো তারকাদের। রয়েছেন বলিউডের সানিয়া মালহোত্রাও। একটি বিশেষ দৃশ্যে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোনও। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’।
ইন্টারনেটে ফাঁস 'জওয়ান'-এর একাধিক ক্লিপ! তদন্তে মুম্বই পুলিশ