
মার্ভেলে শাহরুখ?
শেষ আপডেট: 30 April 2025 12:57
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান এবার পা রাখতে চলেছেন হলিউডের সুপারহিরো দুনিয়ায়? অন্তত তেমনই জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে টিনসেল টাউনে। শোনা যাচ্ছে, কিং খান নাকি মার্ভেল স্টুডিওর সঙ্গে এক সম্ভাব্য চরিত্র নিয়ে প্রাথমিক কথাবার্তা চালাচ্ছেন। খবর সামনে আসতেই বলিউড থেকে হলিউড—চরম উত্তেজনা ছড়িয়েছে সর্বত্র। ভক্তদের মনে দোলা দিয়েছে একটাই প্রশ্ন—“এইবার তবে শাহরুখ মার্ভেলের সুপারহিরো?”
কে ছড়াল এই খবর?
সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এর একটি জনপ্রিয় অ্যাকাউন্ট @MarvelLeaks22 একটি ছবি পোস্ট করে দাবি করে, শাহরুখ খান মার্ভেল স্টুডিওর সঙ্গে আলোচনায় রয়েছেন। ছবির সঙ্গে সরাসরি কিছু লেখা না থাকলেও, কিছুক্ষণের জন্য একটি পোস্টে লেখা ছিল— ‘NEWS/RUMOUR: শাহরুখ খান নাকি মার্ভেলের সঙ্গে ভবিষ্যতের একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন (এটি Avengers: Doomsday নয়)।’ পরে পোস্টটি ডিলিট করা হলেও উত্তেজনা এতটুকুও কমেনি।
মার্ভেলের নতুন ‘ক্যাপ্টেন আমেরিকা’র পছন্দও এসআরকে!
এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছেন অ্যান্থনি ম্যাকি, যিনি এখন মার্ভেলের নতুন Captain America। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি বলিউড থেকে কাউকে MCU (মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স)-তে নিতে হয়, তাহলে আমার পছন্দ একজনই—শাহরুখ খান। উনি এক কথায় ‘the damn best’। মার্ভেলের তরফে এমন উচ্চ প্রশংসা পাওয়া যে কোনও বলিউড তারকার জন্য বিশাল সম্মানের বিষয়।
আগে থেকেই ছিল মার্ভেলের ভালোবাসা
এটাই প্রথম নয়, ‘মার্ভেল’ শাহরুখের প্রতি আগেও একাধিকবার এমন ভালোবাসা জানিয়েছে। ডিজনি প্লাস হিট সিরিজ ‘মিস মার্ভেল’-এ শাহরুখ অভিনীত ‘স্বদেশ’ সিনেমার বিখ্যাত গান ‘ইয়ে জো দেস হ্যাঁয় তেরা’ ব্যবহার করা হয়, যা তাঁর সাংস্কৃতিক প্রভাবের স্বীকৃতি। বেনেডিক্ট কাম্বারব্যাচ (Benedict Cumberbatch), যিনি MCU-তে ‘ডক্টর স্ট্রেঞ্জ’ হিসেবে পরিচিত, তিনিও অতীতে শাহরুখের প্রশংসা করে বলেছেন, ‘এমন প্রতিভাবান অভিনেতা MCU-তে থাকলে দারুণ হবে।’
তবে শাহরুখ কি রাজি হবেন?
হলিউড প্রসঙ্গে শাহরুখ বরাবরই সংযত। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি পশ্চিমী ছবিতে কাজ করব তখনই, যখন চরিত্রটি আমার ভারতীয় দর্শকদের মর্যাদার সঙ্গে মানানসই হবে। এটা যেন এমন না হয় যে আমি তাঁদের সম্মান হারিয়ে ফেলি।’ ২০০৮ সালের বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে খানিকটা মজার ছলেই বলেছিলেন, ‘আমি না কুংফু জানি, না সালসা, আর আমি লম্বাও নই। তাই ওদের সিনেমায় নিজেকে মানাতে পারব না।’
শাহরুখের আপকামিং প্রজেক্ট
সবশেষ শাহরুখকে দেখা গিয়েছিল রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে, যেখানে তার সঙ্গে ছিলেন ভিকি কৌশল, তাপসী পান্নু, অনিল গ্রোভার ও বিশু কৌশল। এরপর তিনি ফিরছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে থাকছেন কন্যা সুহানা খান ও অভিষেক বচ্চন।
এখনই নিশ্চিত নয় কিছুই
যদিও এখন পর্যন্ত না মার্ভেল স্টুডিও, না শাহরুখ খান এই খবর নিশ্চিত করেছেন, তবে গুঞ্জনই যথেষ্ট ভক্তদের উত্তেজনা বাড়ানোর জন্য। শাহরুখ খান যদি সত্যিই MCU-তে যোগ দেন, তবে সেটি হবে ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়।