
শাহরুখ খান। ছবি: সংগৃহীত
শেষ আপডেট: 20 October 2023 13:27
দ্য ওয়াল ব্যুরো: যাঁর নাম আছে, তাঁর বদনামও আছে। আর সেই নাম যদি হয় শাহরুখ খান, তাহলে বদনাম যে দাবানলের গতিতে ছড়াবে, তাতে কোনও সন্দেহ নেই। এই অভিনেতাকে নিয়েও বলিউডে বহুবার এমন কিছু কথা ছড়িয়েছে, যা তাঁর সুস্থ স্বাভাবিক জীবনকে অসহনীয় করে তুলেছিল। বরাবর সাতে-পাঁচে না থাকা সেই শাহরুখকেই মিডিয়া ট্রায়ালের মুখে পড়তে হয়েছে বারংবার এমনই চার ঘটনার উল্লেখ থাকল এই প্রতিবেদনে।
করণ জোহরের সঙ্গে সম্পর্ক: ‘ডিডিএলজে’র শ্যুটিংয়ের সময় করণের সঙ্গে প্রথম পরিচয় শাহরুখ খান এবং কাজলের। এরপর এই তিনজনের বন্ধুত্ব এতটাই গাঢ় হয় যে, পরিচালকের প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-তেও তাঁদের দেখা গিয়েছিল। এরপর করণের পরিচালনা এবং প্রযোজনায় আরও সিনেমা করেন শাহরুখ। এইসময়ই দু’জনকে নিয়ে খবর ছড়ায় বলিপাড়ায়। শোনা যায়, করণ-শাহরুখের মধ্যে যৌন সম্পর্ক রয়েছে। করণ যেহেতু সমকামী, তাই শাহরুখ সিনেমাজগতে ফায়দা নিতে পরিচালকের ‘বেড পার্টনার’ হয়েছেন।
সলমন খানের সঙ্গে দ্বন্দ্ব: বলিউডে পা রাখার পর নায়কদের মধ্যে শাহরুখের সবচেয়ে কাছের বন্ধু যদি কেউ থেকে থাকেন, তাহলে তিনি সলমন খান। যদিও ‘ভাইজান’ এই সম্পর্ককে বন্ধুত্ব বলতে নারাজ। শাহরুখকে তিনি নিজের ভাইয়ের মতোই দেখেন। এহেন ‘ব্রোম্যান্স’-এ একসময় চিড় ধরেছিল। বলিউডেরই এক পার্টিতে শাহরুখকে সটান থাপ্পড় মারার অভিযোগ উঠেছিল সলমনের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে কেউই কোনওদিন প্রকাশ্যে কথা বলেননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই দ্বন্দ্ব ভুলে গিয়ে আবার একে অপরকে কাছে টেনে নিয়েছেন ‘পাঠান’ ও ‘টাইগার’।
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে প্রেম: বড়পর্দায় পা রাখার আগেই কিশোর বয়সের প্রেমিকা গৌরীকে বিয়ে করে নিয়েছিলেন শাহরুখ। এরপর কেরিয়ারের শুরুতে জুহি চাওলা, মাধুরী দীক্ষিত, কাজলের মতো অভিনেত্রীদের সঙ্গে পর্দায় তুমুল রোম্যান্স করলেও কোনওদিন তাঁদের সঙ্গে অভিনেতার প্রেমের গুজব ছড়ায়নি। কারণ শাহরুখ নিজের ইমেজ নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন। কিন্তু এখনও এ কথা শোনা যায় যে, সেই শাহরুখই পা পিছলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার সামনে। তাঁর সঙ্গে প্রেমের কারণে নাকি গৌরীর সঙ্গে বিয়ে ভাঙার উপক্রম হয়েছিল অভিনেতার।
ছোট ছেলে আব্রামের পিতৃত্ব: এক ছেলে ও এক মেয়ের অনেক পরেই শাহরুখ-গৌরী তাঁদের সংসারে তৃতীয় সন্তান আনেন। সেই ছোট ছেলে আব্রামের জন্ম নিয়েও সেসময় কম বিতর্ক হয়নি। আব্রাম যেহেতু শাহরুখের সারোগেট সন্তান, তাই সেসময় একাধিক নারী কল্যাণ সংস্থা অভিনেতাকে নিয়ে নিন্দের ঝড় বইয়ে দিয়েছিল। এমনকী সেসময় এমনও খবর ছড়ায় যে, আব্রাম আসলে অভিনেতার সন্তানই নয়। সে আসলে বড় ছেলে আরিয়ানের অবৈধ সন্তান। নিজের ছোট ছেলেকে নিয়ে এমন খবরে সেসময় রীতিমতো ভেঙে পড়েছিলেন শাহরুখ।