
শেষ আপডেট: 19 September 2023 15:53
দ্য ওয়াল ব্যুরো: মন্নতে (Mannat) এবারও জাঁকজমক সহকারে আয়োজন হল গণেশ পুজো (Shah Rukh Khan Ganesh puja)। গণপতি বাপ্পার আরাধনায় এবারও মেতেছেন শাহরুখ খান, গৌরি খান, আরিয়ান, সুহানা, আব্রামরা। এর আগেও একাধিকবার গণেশ পুজো করে গোঁড়া মুসলমান সম্প্রদায়ের মানুষজনের চক্ষুশূল হয়েছিলেন অভিনেতা। সামাজিক মাধ্যমে হেনস্থার শিকারও হয়েছেন। কিন্তু তিনি যে বরাবর মেনে এসেছেন, সর্ব-ধর্ম সমন্বয়ের কথা, সেখান থেকে এবারও একচুল সরলেন না।
এদিন নিজের বাড়ির গণপতি মূর্তির ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে শাহরুখ লিখেছেন, “আমার বাড়িতে স্বাগতম গণপতি বাপ্পাজি। ভগবান গণেশ আমাদের সবাইকে সুখী করুন। আমি গণপতি বাপ্পার কাছে সুখ, বুদ্ধি, সুস্বাস্থ্য এবং প্রচুর মোদক খাওয়ার আশীর্বাদ চাইছি।” অনেকেই সেই পোস্টে অভিনেতাকে গণেশ পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। তবে এবারও সমালোচনার হাত থেকে নিস্তার পাননি ‘জওয়ান’ অভিনেতা। মুসলমান হয়ে কেন শাহরুখ মূর্তিপুজো করছেন, সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনদের একাংশ। তবে শাহরুখ কাউকেই পাল্টা জবাব দেননি।
উল্লেখ্য, মুম্বইয়ের গণেশপুজো গোটা দেশের মধ্যে সেরা। পশ্চিমবঙ্গে যেমন দুর্গাপুজো, মুম্বইয়েও তেমন রাস্তার মোড়ে মোড়ে বড় বড় গণেশপুজো হয়। এমনকী অনেক তারকাও নিজেদের বাড়িতে গণপতি বাপ্পার আরাধনার আয়োজন করেন। যেমন এবারও সলমন খানের বোন অর্পিতা নিজের হাতে গণেশ পুজোর ব্যবস্থা করেছেন। আবার পুজো যেমন হয়, ঠিক ততটাই জাঁকজমক করে বিসর্জনও হয়। মুম্বইয়ের একাধিক সি বিচে বিসর্জনের সময় লোকে লোকারণ্য হয়ে যায়। তারকারা বাড়ির গণেশ মূর্তি নিজেদের কোলে করে নিয়ে এসে সমুদ্রে বিসর্জন দেন।
ডাল-ভাত চেটেপুটে খান, গলদা চিংড়ির স্প্যাগেটি রাঁধেন ফটাফট, শাহরুখের পছন্দ কী কী জানেন