
শেষ আপডেট: 3 November 2023 18:56
দ্য ওয়াল ব্যুরো: চোরের পৌষমাস, শাহরুখ-ভক্তদের সর্বনাশ! ‘বাদশা’র জন্মদিনে ‘মন্নত’-এর সামনে হাজির ছিলেন তাঁর কয়েক হাজার ভক্ত। আরব সাগরের পাড়ে সেই ল্যান্ডস এন্ডে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই দেখা গিয়েছে জনসমুদ্র। শাহরুখকে একঝলক দেখার আশায় ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। আর সেই ভিড়েই সন্তর্পণে নিজের কাজ সেরেছেন চোর বাবাজি! শাহরুখ দর্শনের আশায় ওই ভিড়ে থাকা হাজার হাজার জনতার মধ্যে কম করে ১৭ জনের মোবাইল ফোন খোয়া গেল।
যারা শাহরুখের অন্ধভক্ত, তাঁদের কাছে ‘মন্নত’ হল মন্দির বা মসজিদের মতো পবিত্র। শাহরুখ তাঁদের কাছে ভগবানতুল্য। তাই জন্মদিন উদযাপন করতে সকলেই রাতে পৌঁছে গিয়েছিলেন। সকালে সেই ভিড় আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। কারও হাতে ফুলের তোড়া, কারও হাতে চকোলেট কেক। সবাই জানে, কোনওটাই তাঁরা ‘ভগবান’-এর কাছে উৎসর্গ করতে পারবেন না। তাও সম্মান জানিয়ে নিয়ে গিয়েছেন। এরপর শাহরুখ যখন ব্যালকনিতে এসে দাঁড়ালেন, নীচে তখন উল্লাসের ঢেউ!
শাহরুখের সঙ্গে সঙ্গে দু’হাত মেলে দিয়েছিলেন ভক্তরাও। কেউ ওই ভিড়ের মধ্যেই চিরাচরিত শাহরুখ খানের পোজে দাঁড়ালেন, কেউ হাতে প্ল্যাকার্ড তুলে জন্মদিনে শুভেচ্ছা জানালেন। কিন্তু সেই হাত যখন নীচে নামল, তখনই সম্বিত ফিরল বাদশায় মুগ্ধ অনুরাগীদের। দেখলেন, পকেট থেকে উধাও সাধের স্মার্টফোন। তবে শুধু অভিনেতার ভক্তরাই নন, ফোন চুরি গিয়েছে এক চিত্র সাংবাদিকেরও। তিনিই প্রথম এই বিষয়টি প্রকাশ্যে আনেন। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় অভিযোগ জানান তিনি।
এরপরই একটার পর একটা ফোন চুরির অভিযোগ দায়ের হতে শুরু করে ওই থানায়। সূত্রের খবর, এখনও অবধি মোট ১৭টি ফোন চুরি যাওয়ার অভিযোগ জমা পড়েছে সেখানে। আর এর প্রত্যেকটি চুরিই হয়েছে শাহরুখের বাংলো ‘মন্নত’-এর সামনে থেকে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মনে করা হচ্ছে, এই চুরির পিছনে কোনও একজন নয়, বরং একটা চক্র কাজ করছে। শাহরুখের জন্মদিনে তাঁর বাড়ির সামনে জনপ্লাবন হবে, তা জানাই ছিল। সেই মতো পরিকল্পনা করেই চুরি করতে এসেছিল তাঁরা।