
শেষ আপডেট: 19 May 2023 14:20
দ্য ওয়াল ব্যুরো: ছেলে আরিয়ান খান তখন মাদক মামলায় ফেঁসে জেলবন্দি। অভিযোগ, সেইসময়ই তৎকালীন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করেছিলেন শাহরুখ খান। একে অপরের সঙ্গে চ্যাটে কথা বলেছিলেন দু'জন। বম্বে হাইকোর্টে সমীর ওয়াংখেড়ে এই সংক্রান্ত একটি নথি পেশ করেছেন। আরিয়ানের সঙ্গে এনসিবি কর্তারা যাতে নরম আচরণ করেন, ওই চ্যাটে সে বিষয়ে অনুরোধ করতেও দেখা গিয়েছে শাহরুখকে (Shah Rukh Khan begs Sameer Wankhede)।

শুক্রবার বম্বে উচ্চ আদালতে এই নথিটি দেখিয়েছেন সমীর ওয়াংখেড়ের আইনজীবী। এই চ্যাটে শাহরুখের তরফে আরও বলা হয় যে, ওয়াংখেড়ে যেন তাঁকে এবং তাঁর পরিবারকে এই মাদক মামলায় সাহায্য করেন। সেই প্রতিটি কথোপকথনের স্ক্রিনশটই এদিন বিচারপতির হাতে তুলে দেওয়া হয়েছে।

একটি মেসেজে শাহরুখ লিখেছেন, "সমীর সাহেব আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি, প্লিজ! আমি জানি এটা হয়ত আইনত অনুচিত, হয়ত পুরোপুরিই নিয়মবিরুদ্ধ কাজ, কিন্তু বাবা হিসাবে যদি আমি আপনার সঙ্গে কথা বলতে পারতাম। প্লিজ… লাভ শাহরুখ’। সেই মেসেজের জবাবে দেখা যায় সমীর ওয়াংখেড়ে শাহরুখকে লিখেছেন, 'ফোন করুন'।
এরপর আরও একটি মেসেজে কিং খান লেখেন, "আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি যে আমার কথা ভেবে ব্যক্তিগতভাবে এতকিছু বললেন। আমি নিশ্চিত করব, আরিয়ান এমন একজন মানুষ হয়ে উঠবে যাকে নিয়ে আমি আর আপনি দু'জনেই গর্ব করব। আমি কথা দিচ্ছি এই ঘটনা ওর জীবনের একটা ইতিবাচক টার্নিং পয়েন্ট হবে। ধন্যবাদ আপনার সমর্থন এবং মহানুভবতার জন্য।"
শাহরুখের ছেলেকে 'ফাঁসিয়েছিলেন' সমীর ওয়াংখেড়ে, তাঁর সম্পত্তি জানলে চোখ কপালে উঠবে