
শেষ আপডেট: 28 July 2022 11:49
দ্য ওয়াল ব্যুরো: যতই কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হোক কেন, 'ডানকি'-এর (Dunki) সেট থেকে একের পর এক ছবি ফাঁস হয়েই চলেছে। এবার নেটমাধ্যমে ভাইরাল হলো শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাপসী পান্নুর (Tapsee Pannu) নতুন ছবি। বর্তমানে লন্ডনে শ্যুটিং চলছে সিনেমাটির। সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি পোস্ট হওয়ার পর থেকেই ভাইরাল।
ছবিটিতে শাহরুখ এবং তাপসীকে লন্ডনের রাস্তায় দেখা যাচ্ছে। শাহরুখ হাঁটু গেড়ে বসে এবং তাপসী তাঁর পাশেই দাঁড়িয়ে। বাদশাকে ছবিতে খানিক বিভ্রান্ত দেখাচ্ছে, অন্যদিকে তাপসী কোনওরকমে নিজের হাসি চাপছে। দুজনের কাঁধেই বেশ বড় ব্যাগ। যা দেখে মনে হচ্ছে, দুজনেই কোথাও একটা ঘুরতে বেরোচ্ছেন।
এর আগেও একবার শাহরুখের ‘ডানকি’-র শ্যুটের ছবি ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। গালভর্তি দাড়ি, হাতা গোটানো জামা আর ডানহাতে বালা পরা সেই ছবিতে ‘বাদশা’ যেন পাশের বাড়ির যুবক। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় লম্বা চুলওয়ালা শাহরুখের রাফ অ্যান্ড টাফ লুক ইতিমধ্যে ভক্তদের নজর কেড়েছে। তবে ‘ডানকি’-র কাজ শুরুর আগেই সেই লম্বা চুল কেটে ফেলেছিলেন কিং খান। তবে গালে দাড়ি এখনও রয়েছে। একরকম রুক্ষ-শুষ্ক মেকআপেই ক্যামেরায় ধরা পড়েছিল শাহরুখ।
গালভর্তি দাড়ি, হাতা গোটানো জামা পরে লন্ডনের রাস্তায় শাহরুখ! তাজ্জব নেটদুনিয়া
এদিকে 'বাদশা'-র সঙ্গে কাজের বিষয়ে কথা বলতে গিয়ে তাপসী জানান, "শাহরুখের সঙ্গে এক ছবিতে অভিনয় করায় সুযোগ পাওয়া মানে হাতে চাঁদ পাওয়া। তার ওপর আবার পরিচালক রাজকুমার হিরানি, তখন এই আনন্দের কথা কয়েকটা শব্দে ব্যাখ্যা করা যায় না।"
আগামী বছরের ডিসেম্বরে সিনেমার পর্দায় মুক্তি পাবে শাহরুখ খান এবং তাপসী পান্নু অভিনীত 'ডানকি'। বছরশেষে এতদিন আমির খানের সিনেমা বাঁধাধরা ছিল। এবার সেই জায়গাই নিতে চলেছেন শাহরুখ।