.jpeg)
শাবানা আজমি ও শ্যাম বেনেগাল।
শেষ আপডেট: 24 December 2024 14:25
দ্য ওয়াল ব্যুরো: ভারতের অন্যধরনের সিনেমার পথিকৃৎ পরিচালক শ্যাম বেনেগাল (Shyam Benegal) প্রয়াত হয়েছেন ৯০ বছর বয়সে। তাঁর মৃত্যুতে শোকাহত বলিউড। বহু প্রবীণ অভিনেতা, সহকর্মীরা স্মৃতিচারণায় মশগুল। শাবানা আজমিও (Shabana Azmi) তাঁদেরই একজন। শাবানার কেরিয়ারে গুরুতুল্য ভূমিকা পালন করেছিলেন শ্যাম বেনেগাল।
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন শাবানা আজমি।
বেনেগালের প্রথম ছবি ‘অঙ্কুর’-এ অভিনয় করার সুযোগ পেয়েছিলেন শাবানা আজমি। সামাজিক শ্রেণি, লিঙ্গবৈষম্য এবং গ্রামীণ মহিলাদের সংগ্রামের গল্প তুলে ধরেছিল ছবিটি। এর মাধ্যমেই শাবানা বলিউডে নিজের পরিচিতি তৈরি করেন। শাবানা বলেন, ‘শ্যামজি শুধু অভিনয়ের ক্ষেত্রে নয়, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি গড়ে তুলতেও আমার গুরু ছিলেন।’
শ্যাম বেনেগালের সঙ্গে বার্লিন ফিল্ম ফেস্টিভালে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শাবানা জানান, যখন তিনি তারকাখচিত চোখে শপিংয়ের কথা ভাবছিলেন, তখন শ্যাম বেনেগাল ট্যাক্সিচালকের কাছ থেকে সেখানকার বাগান এবং ইতিহাসের বিষয়ে জানতে চাইছিলেন। এই ঘটনা শাবানা আজমির মনে প্রভাব ফেলেছিল। শ্যাম বেনেগালের গভীর পর্যবেক্ষণ ক্ষমতা এবং সংস্কৃতির প্রতি তাঁর আগ্রহ মুগ্ধ করেছিল শাবানাকে।
শাবানা এবং বেনেগাল একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন, যেমন ‘নিশান্ত’ (১৯৭৫), ‘জুনুন’ (১৯৭৮), ‘সুসমান’ (১৯৭৮) ‘অন্তর্নাদ’ (১৯৯২) ইত্যাদি। প্রতিটি ছবিতেই তাঁরা নতুন কিছু তুলে ধরার চেষ্টা করেছেন, যা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে।
কয়েকদিন আগেই, ১২ ডিসেম্বর শ্যাম বেনেগালের ৯০তম জন্মদিনে শাবানা নাসিরুদ্দিন শাহ ও শ্যাম বেনেগালের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘কেন আমরা একসঙ্গে আরও ছবি দিই না সোশ্যাল মিডিয়ায়?’
View this post on Instagram
সেই জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলভূষণ খারবান্দা, দিব্যা দত্ত, রজিত কাপুর, এবং প্রয়াত অভিনেতা শশী কাপুরের ছেলে কুণাল কাপুর। সেদিন বোধহয় কেউই আন্দাজ করেননি, এই তাঁদের শ্যাম বেনেগালের সঙ্গে কাটানো শেষ সন্ধে!