_(1).png)
ফাইল চিত্র
শেষ আপডেট: 20 February 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি এবার পা রাখছেন ওটিটিতে। ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ‘ডাব্বা কার্টেল’-এর মাধ্যমে নেটফ্লিক্সে পা রাখছেন তিনি। মঙ্গলবার সিরিজের ট্রেলার মুক্তির অনুষ্ঠানে শাবানা মজার ছলে জানান, তাঁর বউমা শিবানি আখতার এই সিরিজের ক্রিয়েটর, আর ছেলে ফারহান প্রযোজক। তাই তিনি ‘আদেশ’ পেয়েই কাজটি করেছেন!
এই অনুষ্ঠানে শাবানা আজমি অকপটে স্বীকার করেন, শুরুর দিকে তিনি জ্যোতিকাকে কাস্টিংয়ে না রাখার পক্ষে ছিলেন! অভিনেত্রী বলেন, 'আমি সত্যিই চাইনি ওকে নেওয়া হোক, অন্য কাউকে চাইছিলাম। কিন্তু ফারহান-শিবানি আমার কথা শোনেনি, আর সেটা ভালোই হয়েছে। নাহলে এত দারুণ একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ পেতাম না।' কথার ফাঁকে জ্যোতিকার কাছে ‘ক্ষমা’ চেয়ে নেন তিনি।
সিনেমার জগতে ৫০ বছরের অভিজ্ঞতা! এ সময়ের পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হলে শাবানা জানান, কাস্টিং ডিরেক্টরের আবির্ভাব হিন্দি সিনেমায় বড় পরিবর্তন এনেছে। তাঁর মতে, এখন গল্প মানে শুধু নায়ক-নায়িকার প্রেমকাহিনি নয়, বরং চরিত্রের গভীরতা বেশি গুরুত্ব পাচ্ছে। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, 'আগে যেমন ‘কর্জ’ সিনেমায় ঋষি কাপুরকে দেখা গিয়েছিল গিটার হাতে, কিন্তু বাজানো ছাড়া—এখনকার অভিনেতারা এমনটা করবেন না। তাঁরা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গিটার বাজানো শিখবেন। অর্থাৎ অভিনেতারা আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস।'
সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শালিনী পান্ডে, যিনি ‘অর্জুন রেড্ডি’ ও ‘মহারাজ’-এ নজর কেড়েছিলেন। তিনি জানিয়েছেন, এখানে তাঁর চরিত্র ‘রাজি’ এক মিষ্টি, ঘরোয়া মেয়ের, যে একসময় ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হয়ে পুরো বদলে যায়। শালিনী বলেন, 'শাবানা ম্যাডামের মতো কিংবদন্তির সঙ্গে কাজ করা আমার জীবনের বড় প্রাপ্তি। মা-বাবা ওনার বিশাল ভক্ত, আর এখন আমিও।'
মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে শাবানা আজমি ছাড়াও উপস্থিত ছিলেন লিলিট দুবে, জ্যোতিকা, সাই তমহংকার, যিশু সেনগুপ্ত, গজরাজ রাও, ফারহান আখতার ও শিবানি আখতার। হিতেশ ভাটিয়া পরিচালিত ‘ডাব্বা কার্টেল’ ২৮ ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হবে।