
শেষ আপডেট: 2 July 2023 13:51
দ্য ওয়াল ব্যুরো: শ্রীজিতা দে নামটা মুম্বইয়ের টেলি ধারাবাহিকের জগতে বেশ পরিচিত নাম। 'উত্তরণ' থেকে 'বিগ বস' বাংলার মেয়ে শ্রীজিতাকে হিন্দি ধারাবাহিকের দর্শক চেনেন বেশ অনেক বছর ধরেই। নানা ধরনের চরিত্রে অভিনয় করে বেশ কিছু ধারাবাহিকে সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছেন শ্রীজিতা।
এবার দীর্ঘদিনের প্রেমিক মাইকেলের সঙ্গে চার হাত এক করলেন শ্রীজিতা। তবে বাঙালি হলেও বাঙালি মতে নয় বরং খ্রীষ্টান মতেই মাইকেলের সঙ্গে বিয়ে সারলেন শ্রীজিতা। লাল বেনারসির বদলে সাদা গাউনে দেখা গেল শ্রীজিতাকে। রবিবার বিয়ের ছবি ইনস্টাগ্রামে আপলোড করে শ্রীজিতা লেখেন 'আজ আমরা হাতে হাত রেখে চিরকালীন পথের যাত্রা শুরু করলাম'।
একটি ছবিতে দেখা যাচ্ছে একটি সুসজ্জিত চার্চে স্বামী মাইকেলের সঙ্গে বিয়ের মন্ডপের দিকে হেঁটে যাচ্ছেন শ্রীজিতা। অন্য এক ছবিতে বিয়ে শেষে চুম্বনরত শ্রীজিতা এবং মাইকেল।
শ্রীজিতার বিয়ের এই ছবিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিগ বস এর ঘরে তাঁর সহ প্রতিযোগী অর্চনা গৌতম এবং শিব ঠাকরে। পাশাপাশি, হিন্দি ধারাবাহিকের আরও এক জনপ্রিয় বাঙালি কন্যা দেবলীনাও শুভেচ্ছা জানান শ্রীজিতাকে। প্রসঙ্গত, বিগ বসের ঘরে শ্রীজিতার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল বাঙালি অভিনেত্রী টিনা দত্তকে। সেই ঘরেই শ্রীজিতার সঙ্গে একটি পর্বে দেখা গিয়েছিল প্রেমিক মাইকেলকেও।