
শেষ আপডেট: 18 August 2023 07:52
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি বধূ সীমা হায়দর (Seema Haider) ও তাঁর ভারতীয় প্রেমিক শচীন মিনার প্রেম কাহিনি নিয়ে তৈরি হচ্ছে হিন্দি ছবি। পাকিস্তানের করাচিতে স্বামী-সংসার ফেলে বাচ্চাদের নিয়ে নয়ডায় প্রেমিকের কাছে পালিয়ে এসেছিলেন ওই মহিলা। এবার সেই নিয়েই ‘করাচি টু নয়ডা’ নামে একটি ছবির শ্যুটিং চলছে। এরমধ্যেই শুক্রবার সকালে মুক্তি পেয়েছে এর থিম সংয়ের (film song) পোস্টার (poster out)। গানটির নাম ‘চল পড়ে হ্যায় হাম’।
সূত্রের খবর, আগামী ২০ অগস্ট গানটি মুক্তি পাবে। যেহেতু সীমা ও শচীনের প্রেমের গল্প ইতিমধ্যে দেশবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে, তাই ছবিটির সাফল্য নিয়ে আশায় বুক বাঁধছেন নির্মাতারা। ছবির প্রযোজক অমিত জনির লেখা ও শশাঙ্ক দুর্গবংশীর সুরে গানটি গেয়েছেন প্রীতি সরোজ। সিনেমায় সীমা হায়দারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ফারহিন ফালাককে। তবে ‘করাচি টু নয়ডা’ সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনও নিশ্চিত নয়।
উল্লেখ্য, ৩০ বছর বয়সি পাকিস্তানি মহিলা সীমা হায়দর সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে, ২০২০ সালে কোভিড অতিমারির সময় বাড়িতে ভিডিওগেম খেলতে খেলতে পরিচয় হয়েছিল ভারতের নয়ডার বাসিন্দা শচীন মিনার। সেই আলাপ ধীরে ধীরে প্রেমের দিকে গড়ায়। আর এরপরই চলতি বছর স্বামী গোলাম হায়দরকে ছেড়ে চার সন্তানকে নিয়ে তিনি নেপাল হয়ে ভারতে চলে আসেন শুধুমাত্র শচীনের সঙ্গে ঘর বাঁধার জন্য। এই নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও সেসব বিতর্ককে দূরে সরিয়ে সুখেই সংসার করছেন সীমা।
শৌচালয়ে সীমা হায়দার, বাইরে ঘিরে রিপোর্টাররা! 'ফেক' ভিডিও দেখে নিন্দার ঝড়