
শেষ আপডেট: 25 October 2023 19:10
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তিনি। গলবস্ত্র হয়ে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল। আর তাতেই বিপত্তি। বস্ত্রের আড়াল থেকে গলায় ঝোলানো সোনার হার থেকে 'লকেট' হিসেবে যে বস্তুটি উঁকি দিচ্ছিল, অনুমান, সেটি আসল বাঘের নখ! আর তারপরেই কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা শ্রীনিবাসের বাড়িতে তল্লাশি করতে হাজির হয়েছেন বন দফতরের অধিকর্তারা।
সম্প্রতি শ্রী ক্ষেত্র হোৱানাড়ু মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেতা। তখনই ওই বিশেষ লকেট দেওয়া হারটি পড়েছিলেন তিনি। তাঁর সেই ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে যাওয়ার পরেই বিতর্ক শুরু হয়। জনতা পার্টির এক কর্মী অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তারপরেই তদন্ত নামে কর্নাটকের বন বিভাগ।
অভিনেতার বেঙ্গালুরুর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে, সেখানে বাঘ নখ রয়েছে কিনা, এবং যে লকেটটি তিনি পরেছিলেন সেটি সত্যিই বাঘের নখ দিয়ে তৈরি কিনা।
১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী বন্য পশুদের হত্যা করা, তাদের দাঁত, চামড়া, নখ, শিং ইত্যাদি দখলে রাখা আইনত দণ্ডনীয়।