
শেষ আপডেট: 15 December 2023 19:14
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল সকাল গায়ে হলুদ পর্ব মিটে গিয়েছিল। আর বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার আগেই চারহাত এক হয়ে গেল সৌরভ দাস ও দর্শনা বণিকের। মাথায় টোপর, সাদা পাঞ্জাবি ও লাল রঙের নকশা করা ধুতি পরে ও শাল জড়িয়ে একেবারে বরবেশে ছাদনাতলায় হাজির হয়েছিলেন 'মন্টু পাইলট'। অন্যদিকে লাল টুকটুকে বেনারসি ও সোনার গয়নায় একেবারে বাঙালি কনের সাজে দেখা গিয়েছে দর্শনাকে।
একেবারে চিরাচরিত বাঙালি রীতিনীতি মেনেই শুক্রবার সাত পাকে বাঁধা পড়েছেন সৌরভ-দর্শনা। বাইপাসের ধারে এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর বসেছে শুক্রবার বিকেলে। তবে সকালের সমস্ত অনুষ্ঠান দুই তারকা নিজের নিজের বাড়িতেই সেরেছেন। বিয়েটা যেমন বাঙালি রীতি মেনে করা হচ্ছে, তেমনই মেনুতেও থাকছে বাঙালি খাবারের প্রাধান্য। সৌরভ-দর্শনার নাকি ইচ্ছে ছিল তেমনটাই।
View this post on Instagram
বিয়ের আগে হবু দম্পতির জন্য এলাহি আইবুড়োভাতের আয়োজন করেছিলেন বন্ধুরা। কোনওরকম লুকোছাপা নয়, বিয়ের আগে প্রতিটা রীতি মানার ছবিই দর্শনা ও সৌরভ সোশ্যাল মিডিয়ায় তাঁদের অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। শুক্রবার গায়ে হলুদের সময় যেমন দেখা গিয়েছে সাদা পাঞ্জাবি ও ধুতি পরেছিলেন সৌরভ। অন্যদিকে, দর্শনার পরনে ছিল হলুদ শাড়ি। সঙ্গে সোনার গয়না ও শাঁখা-পলা।
যেহেতু গোধূলি লগ্নে বিয়ে হয়েছে, তাই বিকেল বিকেলই অতিথিরা পৌঁছে যান সেই হোটেলে। সন্ধের পর থেকে আসতে শুরু করেছেন টলিউডের একাধিক নামীদামি শিল্পীরাও। তবে সমস্তরকম বাঙালি রীতি মানলেও যুগলের পোস্ট করা বিয়ের ছবিতে দর্শনার সিঁথিতে সিঁদুরের দেখা মেলেনি। অনেকেরই বাসি বিয়ের সময় সিঁদুর পরানোর চল রয়েছে। এক্ষেত্রেও তেমনটা হবে কিনা, তা অবশ্য জানা যায়নি।