
শেষ আপডেট: 22 October 2022 08:30
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সর্বকালীন সেরা সিনেমা সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। শুক্রবার এমনই ঘোষণা করেছে ইন্ডিয়া চ্যাপ্টার অফ দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস (FIPRESCI)। শুক্রবার সেরা ১০টি ভারতীয় চলচ্চিত্রের নাম প্রকাশ করা হয়েছে। আর সেখানেই দেখা গেছে, ভারতের সর্বকালের সেরা ছবি সত্যজিৎ রায় (Satyajit Ray) নির্মিত ‘পথের পাঁচালী’ (Pather Panchali)। এছাড়াও, দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছে আরও দুই বরেণ্য বাঙালি পরিচালক ঋত্বিক ঘটক (Ritwik Ghatak) ও মৃণাল সেনের (Mrinal Sen) ছবি।
উল্লেখ্য, 'পথের পাঁচালি' ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপু ট্রিলজির প্রথম অংশ। ১৯৫৫ সালে মুক্তি পাওয়া প্রথম ভাগের পর অপুর জীবনী নিয়ে আরও দুটি ছবি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। যেগুলো হল 'অপরাজিত' ও 'অপুর সংসার'। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, এই 'অপুর সংসার' দিয়েই অভিনয় জীবন শুরু করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুর।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরও একটি বাংলা ছবি। ঋত্বিক ঘটকের 'মেঘে ঢাকা তারা'। ১৯৬০ সালে এই ছবিটি তৈরি করেছিলেন পরিচালক। প্রখ্যাত লেখক শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবী ও অনীল চট্টোপাধ্যায়। 'দাদা আমি বাঁচতে চাই'- সুপ্রিয়া দেবীর মুখে বলা এই সংলাপটি আজও মানুষের মুখে মুখে ফেরে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মৃণাল সেন পরিচালিত ‘ভুবন সোম’ ছবিটি। ১৯৬৯ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত ও সুহাসিনী মূলে।
চতুর্থ স্থানে রয়েছে মালয়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির প্রখ্যাত পরিচালক আদুর গোপালকৃষ্ণণের ‘এলিপ্পাথায়াম’। ১৯৮১ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পঞ্চম স্থানে রয়েছে ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত গিরীশ কাসারাভাল্লির কন্নড় ছবি ‘ঘাটশ্রাদ্ধ’। ষষ্ঠ স্থানে রয়েছে এমএস সত্থ্যুর ‘গরম হাওয়া’। ছবিটি মুক্তি পায় ১৯৭৩ সালে।
তালিকার আবার সপ্তম স্থান দখল করে নিয়েছে একটি বাংলা ছবি। এবং আবারও সেই সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প 'নষ্টনীড়' অবলম্বনে ১৯৬৪ সালে পরিচালক বানিয়েছিলেন 'চারুলতা'। ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়।
অষ্টম স্থানে রয়েছে শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’। ১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। নবম স্থানে রয়েছে ১৯৫৭ সালের ছবি গুরু দত্ত পরিচালিত ‘প্যায়াসা’। আর একদম শেষে অর্থাৎ দশম স্থানে রয়েছে ভারতবর্ষের সর্বকালের অন্যতম ব্লকবাস্টার ছবি রমেশ সিপ্পির 'শোলে'। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, আমজাদ খান, হেমা মালিনীর মতো তারকারা।
বাংলা-হিন্দিতে এত হিট গান, তবু কদর পায়নি প্রতিভা! নীরবে প্রয়াত সুরকার স্বপন সেনগুপ্ত