
শেষ আপডেট: 4 March 2024 20:18
দ্য ওয়াল ব্যুরো: হটস্টারের পর আবার ওটিটিতে সারা আলি খান। কিছুদিন আগে সামনে এসেছিল সারার নতুন ছবি ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান'-এর ফার্স্ট লুক। এবার মুক্তি পেল তার ট্রেলার। এক ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।
‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান' একটি পিরিয়ড ড্রামা। কন্নন আইয়ার পরিচালিত ছবিতে সারা একজন স্বাধীনতাকামী যোদ্ধা, ঊষা মেহতার চরিত্রে অভিনয় করেছেন। এই থ্রিলার ড্রামাটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। ছবিটি মুম্বইয়ের একজন সাহসী মেয়ের কাহিনী যিনি পরবর্তী সময়ে হয়ে উঠেছিলেন স্বাধীনতা সংগ্রামী। ট্রেলারেও একেবারে অন্য লুকে দেখা মিলল ফ্যাশানিস্তা সারার।
ছবির মূল কাহিনী এক কলেজ ছাত্রীর। সে কলেজে পড়াকালীন কীভাবে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ে, সেটাই দেখানো হবে ছবিতে। কাহিনীর প্রেক্ষাপট ১৯৪২ সাল, যখন গোটা গোটা দেশ ভারত ছাড়ো আন্দোলনে উত্তাল। কাহিনীর পরতে পরতে রয়েছে সাহস, দেশপ্রেম ও ত্যাগ। চিত্রনাট্য লিখেছেন দারাব ফারুকি এবং কান্নন আইয়ার। প্রযোজনার দায়িত্বে করণ জোহরের ধর্মা প্রোডাকশন।
ইতিমধ্যেই ছবির শ্যুটিং শেষ হয়েছে। সে কথা সারা নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। লিখেছেন, ‘ধন্যবাদ কন্নন স্যার আমায় এই চরিত্রটি দেওয়ার জন্য। এটি চিরকাল আমার সঙ্গে থেকে যাবে। জয় ভোলানাথ।’
আগামী ২১ মার্চ থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দর্শক সিনেমাটি দেখতে পাবে।