বলিউডে কত কী ঘটে। কত খবরই প্রকাশ পায় না, থেকে যায় অন্তরালে। এই যেমন, মাধুরী-সঞ্জয়ের প্রেমকাহিনী! ছবির সেটেই দেখা সেখান থেকেই দু'জনের প্রেমের শুরু।
.png.webp)
শেষ আপডেট: 26 May 2025 00:51
দ্য ওয়াল ব্যুরো: মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত স্ত্রী রিচা শর্মা। বিদেশে গিয়েছেন চিকিৎসায়। ঠিক এমনই এক সময়ে প্রেমে পড়লেন সঞ্জয় দত্ত। প্রেমিকার নাম মাধুরী দীক্ষিত। 'সজন' থেকে 'খলনায়ক'-- একসঙ্গে কত ছবি! তবে হঠাৎ করেই ভাঙল সেই প্রেম? কেন হলেন আলাদা?
বলিউডে কত কী ঘটে। কত খবরই প্রকাশ পায় না, থেকে যায় অন্তরালে। এই যেমন, মাধুরী-সঞ্জয়ের প্রেমকাহিনী! ছবির সেটেই দেখা সেখান থেকেই দু'জনের প্রেমের শুরু। সঞ্জয় ছিলেন বিবাহিত, তবু প্রেমে পড়া তাঁদের জন্য বারণ ছিল না! বরং দু'জনে ডুবে ছিলেন দু'জনায়। প্রকাশ্যে মাধুরী বলেও বেড়াতেন তাঁর প্রিয় সহ অভিনেতা সঞ্জয়। এক সাক্ষাৎকারে বলেছিলেন, "ও হল জোকার। আমার প্রিয় অভিনেতা, ওর গল্প শুনতে শুনতে হাসতে হাসতে পাগল হয়ে যাই। নিজের জীবন নিয়ে খুব স্বচ্ছ ওর চিন্তা। একটুও জটিল নয়।" অন্যদিকে সেটে নাকি মাধুরীর কানের কাছে গিয়ে সমানে 'আই লাভ ইউ' বলতেন সঞ্জয়!
খবর পৌঁছয় রিচার কাছেও। তিনি তখন ক্যানসারের সঙ্গে যুদ্ধ চালাচ্ছেন বিদেশে। দেশে ফিরলেন। সবটা দেখলেন চোখের সামনে। একরাশ মনখারাপ নিয়ে ফিরে গেলেন বিদেশে।

এ হেন মিষ্টি প্রেমই হঠাৎ একদিন ভেঙে যায়! মাধুরীই সরে যান সঞ্জয়ের জীবন থেকে! মুম্বই হামলায় জড়ায় সঞ্জয়ের নাম। বেআইনি অস্ত্র রাখার কারণে জেল হয় অভিনেতার। সঞ্জয়ের দিদিকে মাধুরী বলে পাঠান আর প্রেম নয়! ওদিকে রিচারও তখন যমে-মানুষে টানাটানি।
ব্রেকআপের খবর পৌঁছল রিচার কাছে। বিচ্ছেদের খবর শুনে তিনি বলেছিলেন দুটি লাইন, "জীবনের প্রতিটি পদে সঞ্জয়ের কাউকে লাগে। দুঃখ-কষ্ট-আনন্দ ভাগ করে নেওয়ার জন্য ও মরিয়া হয়ে ওঠে। মাধুরীকে ও নির্ভর করত। ও ওকে ছেড়ে দিল। এবার সঞ্জয় ভেঙে পড়বে।"
হয়েছিল তেমনটাই। ৯৬-এ মারা যান রিচা। ৯৭-এর গোড়ায় মাধুরীর সঙ্গে সবটা শেষ হয়ে যায় সঞ্জয়ের। নেশায় ডুবে যান অভিনেতা। জীবনে তখন হাজারও নারী। বাকি গল্প সকলেরই জানা। জীবনের মুলস্রোতে ফিরতে অনেকটা সময় লেগেছিল সঞ্জয়ের। মাধুরীর সঙ্গেও সম্পর্ক ছিল না অনেকদিন। যদিও ২০১৯ সালে ফের একসঙ্গে ছবি করেন তাঁরা। ছবির নাম 'কলঙ্ক'।