
শেষ আপডেট: 15 February 2022 16:13
সুচিত্রা সেন-সন্ধ্যা মুখোপাধ্যায় জুটি চিরভাস্বর বাঙালির হৃদয়ে। বাংলা চলচ্চিত্রের গানে আজও এই জুটির গানগুলি চিরকাল থাকবে প্রথমসারিতে। প্রতিটি গানের দৃশ্যায়v বাঙালির মনে গেঁথে আছে। 'গানে মোর কোন ইন্দ্রধনু', 'আমি স্বপ্নে তোমায় দেখেছি', 'জানিনা ফুরাবে কবে', 'ঘুম ঘুম চাঁদ'-- অজস্র গানে আজও শ্রোতারা নস্ট্যালজিক হয়ে থাকেন।
কিন্তু এসব কালজয়ী গান তৈরির পেছনেও অনেক ঐতিহাসিক গল্প আছে, যেগুলো খুব একটা জনসমক্ষে আসেনি। আমবাঙালি সেসবের নাগাল পায় না। ব্যক্তিগত গল্প অথচ সেগুলি মণিমুক্তময়। কী ভাবে তৈরি করেছিলেন সুরকার-গীতিকাররা এইসব স্বর্ণযুগের গান? কেমন করে গান রেকর্ড করতেন সন্ধ্যা মুখোপাধ্যায়?
'অগ্নিপরীক্ষা' ছবির গান তৈরির গল্প এমনটাই। কালজয়ী গান, 'কে তুমি আমারে ডাকো'র সুরকার অনুপম ঘটক ও গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। যখন এই গানটি রেকর্ড করছেন সন্ধ্যা মুখোপাধ্যায়, তখন সেখানে বসে শুনছিলেন উত্তমকুমার ও পরিচালক নীরেন লাহিড়ী। কী ভীষণ ভাবাবেগের গান!
উত্তমকুমার এ গানের শ্যুটিংয়ের জন্য সেটে চলে গেলেন। রেকর্ডিং শেষ হতে সন্ধ্যা নিজে যখন গানটা কেমন গাইলেন শুনছেন, তখন নীরেন বাবু সন্ধ্যাকে বললেন, "সন্ধ্যা, তোমার এই গানটা শুনে উত্তমের চোখে জল এসে গিয়েছিল।"
আর গান রেকর্ডিং হয়ে যাওয়ার পরে তো নায়িকার উপর দায়িত্ব বর্তায় গানটাকে নিজের মুখের কথা হিসেবে রুপোলি পর্দায় মেলে ধরা। এখানেই সুচিত্রা সেন পরিপূরক হয়ে উঠেছেন সন্ধ্যার। 'অগ্নিপরীক্ষা' রিলিজ হতেই সুপারডুপার হিট। যে ছবি আজকে দেখে নবীন পরিচালকরা বাণিজ্যিক ছবি বানাতে কী কী উপাদান লাগে, তার পাঠ নিতে পারেন।
কয়েক বছর পর তৈরি করার কথা হল উত্তম-সুচিত্রার 'পথে হল দেরি'। যেটি ছিল প্রথম রঙিন বাংলা ছবি। যদিও সেই প্রিন্ট অনেকাংশেই লুপ্ত। এই ছবির গান নিয়েও ঘটেছিল এক ঐতিহাসিক ঘটনা। অগ্রদূত-এর ছবি, রবীন চট্টোপাধ্যায় সুরকার, গৌরীপ্রসন্ন মজুমদার লিখলেন গানের কথা। তখন রবীন চট্টোপাধ্যায়ের সুরে সবে সন্ধ্যা 'পথে হল দেরি'র গান রেকর্ডিং করেছেন। খবর হয়ে গেল, দারুণ ব্যাপার করেছেন গায়িকা। গান তখনও রিলিজ করেনি।