
সমতা দাস
শেষ আপডেট: 27 April 2025 17:25
দ্য ওয়াল ব্যুরো: কৈশোরে পা দিয়েই শুরু হয়েছিল তাঁর কেরিয়ার। ছোট পর্দায় এসেই সাবলীল অভিনয়ে মন জয় করে নিয়েছিলেন কিশোরী অভিনেত্রী। 'এক আকাশের নীচে' সিরিয়াল দিয়েই প্রথম জনপ্রিয়তা পাওয়া। কিন্তু যৌবনে পা দিয়েই বুড়িয়ে যেতে হল অভিনেত্রীকে। বারবার পেতে লাগলেন নায়কদের মা- কাকিমার চরিত্র। কেন এমন শনির দশা ঘনিয়ে এল তাঁর জীবনে?
টলিউডের ছকভাঙা পরিচালক রবি ওঝার কাছে অভিনয়ের হাতেখড়ি সমতা দাসের (Samata Das)। 'এক আকাশের নীচে' ধারাবাহিকে টুসকির চরিত্রে সকলের মন জয় করেছিলেন তিনি। দীর্ঘ চার বছর ধরে চলা সিরিয়ালের মাধ্যমে ঘরেঘরে টুসকি চরিত্রে চেনা মুখ হয়ে ওঠেন তিনি। এরপর সেই সময়ের একাধিক টেলিফিল্মে কাজ করেছিলেন সমতা। বুদ্ধদেব দাশগুপ্ত অনিন্দিতা সর্বাধিকারী থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালকরা সমতাকে দিয়ে অভিনয় করান।

সমতার উল্লেখযোগ্য চলচ্চিত্র রাজ মুখার্জী পরিচালিত 'নাগরদোলা'। ২০০৫ সালে ছবিটি বড় পর্দায় জনপ্রিয়তা না পেলেও ভিসিডি আর ছোট পর্দায় ভীষণ জনপ্রিয়তা পায়। টিনএজার মেয়ের বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার কাহিনি নিয়ে হয়েছিল ছবিটি। রূপা গঙ্গোপাধ্যায়ের মেয়ের চরিত্রে অভিনয় করেন সমতা।
একটি দুটি মেনস্ট্রিম ছবির নায়িকা হয়ে সমতা অভিনয় করলেও সেসব ছবি সাত দিনেই সিনেমাহল থেকে উঠে যায়। এরপর দীর্ঘ সময় আর দেখা মেলেনি অভিনেত্রীর। কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?
সমতা দাস সম্প্রতি সংবাদমাধ্যমে বললেন '১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করি। পরিবারের কেউ সে সময় মেনে নেননি আমার সম্পর্ক। যার ফলে ব্যক্তিগত জীবন আলুথালু হয়ে গিয়েছিল। এতটাই সমস্যার মধ্যে ছিলাম তখন আর নিজের কেরিয়ারে মন দিতে পারিনি। তার পর যখন ফিরলাম তখন অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে। চেহারাও সে ভাবে আর ধরে রাখতে পারিনি। মোটা হয়ে গেলাম। হয়তো আমারই দোষ।”
স্বামী, সংসার ও দু’বছরের একটি পুত্রসন্তান রয়েছে তাঁর। সমতার স্বামী যাত্রার জগতে যুক্ত। টলিপাড়ার নায়িকার রোল থেকে বাদ পড়ে, কম বয়সি চরিত্র থেকে বাদ পড়ে, সমতা যাত্রাপালার নায়িকা হয়ে গেলেন ধীরেধীরে। পড়াশোনার ধার খুব বেশি না থাকায় সেটাও ফুটে ওঠে অভিনেত্রীর কথাবার্তায়। সম্প্রতি যাত্রা উৎসবে সঞ্চালিকার ভূমিকায় সমতা ভুল বাংলা পড়ে হাসির খোরাক হন রবীন্দ্রসদনে। অনেকেই অবাক হন এই ভেবে যে, এই মেয়ের কেরিয়ার শুরু হয়েছিল মহীরুহদের হাত ধরে। সংসারের ব্যস্ততায় নিজেকে ঘষামাজা আর করতে পারেননি অভিনেত্রী।
যৌবন না পেরোতেই সমতা বৃদ্ধার চরিত্র পেতে লাগলেন সিরিয়ালে। মা, কাকিমা থেকে বৃদ্ধা শাশুড়ি। 'করুণাময়ী রানি রাসমণি' সিরিয়ালে রাসমণির শাশুড়ির রোলে বিশাল জনপ্রিয়তা পান তিনি। কিন্তু নিজের বয়সের তুলনায় বেশি বয়সের চরিত্র করতেন সমতা।

এরপর একাধিক সিরিয়ালে বয়স্ক মহিলা চরিত্রেই কাস্ট হতে থাকেন সমতা। বর্তমানে লীনা গঙ্গোপাধ্যায়ের 'চিরসখা' সিরিয়ালে সুদীপ মুখোপাধ্যায়ের বিপরীতে সমতা দাসের একটি নতুন চরিত্র এসছে। বয়স্ক মহিলা হলেও চরিত্রটি আধুনিকার। সেই আটপৌরে মা-কাকিমার রোল আর নয়। তবু 'চিরসখা'তে সমতার চরিত্রটি নেতিবাচক। অপরাজিতা ঘোষ দাস চক্রবর্তীর সঙ্গে পাঙ্গা নিতে লীনা এই তৃতীয় চরিত্র এনেছেন নতুন ঠাকুরপো আর কমলিনীর মাঝে। পজিটিভ রোল ছেড়ে নেগেটিভ চরিত্রে সমতা কতটা দর্শক ভালবাসা পান সেটাই এখন দেখার!