
সামান্থা-নাগা
শেষ আপডেট: 10 April 2025 17:56
দ্য ওয়াল ব্যুরো: তাঁরা বহুল আলোচিত দক্ষিণী তারকা জুটি। সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের আগ্রহ থামে না কখনওই। রূপকথার মতো ছিল তাঁদের প্রেমের সম্পর্ক। তারপর হয় বিয়ে। ২০১৭ সালে বিয়ে করেন সামান্থা-নাগা, তবে সে বিয়ে সুখকর ছিল না, ২০২১ সালে ঘটে বিচ্ছেদ। সম্পর্ক ভেঙে গেলেও তাঁরা আজও একঙ্গে কো প্যারেন্টিং করছেন তাঁদের প্রিয় ‘হ্যাশ‘কে।
সম্প্রতি, Reddit-এ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে। দেখা গেছে সামান্থা ও নাগা চৈতন্য দু’জনের পোস্টে হ্যাশের উপস্থিতি। সামান্থার ইনস্টা পোস্টে তাঁর তিনটি পোষ্যের মধ্যে রয়েছে হ্যাশও, যাকে তিনি এবং নাগা চৈতন্য একসঙ্গে দত্তক নিয়েছিলেন। অন্যদিকে, চৈতন্যের জিমের একটি ছবিতেও হ্যাশকে দেখা গেছে, যা দেখে অনেকে ধরে নিয়েছেন, তাঁদের সম্পর্ক শেষ হলেও ‘হ্যাশ’কে তাঁরা একসঙ্গে বড় করে তুলছেন।
নেটিজেনরা এই প্রচেষ্টার প্রশংসাও করেছেন। একজন মন্তব্য করেন, ‘হ্যাঁ, সামান্থার তিনটি পোষ্য—দুটি কুকুর ও একটি বিড়াল। হ্যাশকে তাঁরা একসঙ্গে দেখাশোনা করছেন। বিচ্ছেদের পরেও অনেকবার হ্যাশকে চৈতন্যর সঙ্গে দেখা গেছে।’ অন্য একজন লেখেন, ‘এটাই ঠিক। পোষ্যরা আমাদের পরিবারের অংশ।’ আরেকজন বলেন, ‘আহা! কী মিষ্টি ব্যাপার। এটা এক ধরনের কমিটমেন্ট।’
সামান্থা ও চৈতন্যর প্রেমের শুরু ২০১৫ সালে। ২০১৭ সালে তাঁরা এনগেজমেন্ট এবং একই বছরের অক্টোবরে তাঁদের বিয়ে হয়। চার বছর প্রেম ও সংসারের পরে, ২০২১ সালের অক্টোবরের শুরুতে তাঁদের বিচ্ছেদের ঘোষণা প্রকাশ্যে আসে, যা তাঁদের ফ্যানকূলের মন ভেঙে দেয়।
বর্তমানে নাগা চৈতন্য বিবাহিত। সামান্থার সঙ্গে বিচ্ছেদের এক বছর পরে, তিনি অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন। অন্যদিকে, সামান্থার সম্পর্কের গুঞ্জন চলছে নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে।
‘শকুন্তলম’ সিনেমার প্রযোজক নীলম এক সাক্ষাৎকারে জানান, সামান্থা সেই সিনেমাটি একটি শর্তে করতে চেয়েছিলেন—ছবির শুটিং যেন নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়, কারণ তিনি ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছিলেন। এমনও খবর রটেছিল যে, বিচ্ছেদের পর সামান্থাকে ২০০ কোটি টাকার অ্যালিমনির প্রস্তাবও দেওয়া হয়, অবশ্য সামান্থা তা গ্রহণ করেননি। তাঁর দাবি ছিল, তিনি সম্পর্ক থেকে শুধু ভালোবাসা এবং সম্মানটুকু চেয়েছিলেন। তবে এই কো-প্যারেন্টিংয়ের বিষয়টি আবারও প্রমাণ করে, ভালোবাসা হয়তো সম্পর্কের রূপ বদলে দেয়, কিন্তু দায়িত্ববোধ ও আবেগ ঠিকই থেকে যায়।