
শেষ আপডেট: 13 February 2024 12:04
দ্য ওয়াল ব্যুরো: সলমন-সাজিদের এই জুটি একসময় একের পর এক হিট দিয়েছে। যেমন ‘যোদ্ধা’, ‘জানে মান’, ‘মুঝসে শাদি করোগি’ এসব সিনেমা আজও সবাই একসঙ্গে বসে দেখতে ভালোবাসে।
তারপর ২০১৪ সালে মুক্তি পায় ‘কিক’। আর এই ছবির হাত ধরে প্রযোজক সাজিদের পরিচালক হিসেবে অভিষেক ঘটে। এরপর কেটে গিয়েছে ১০ বছর। কিন্তু ‘কিক’-এর পর আর কোনও সিনেমায় একসঙ্গে কাজ করেননি তাঁরা। তবে নতুন কাজ নিয়ে আসতে চলেছে এই অভিনেতা-প্রযোজক জুটি। সূত্রের খবর অনুযায়ী দীর্ঘ বিরতির পর বড় বাজেটের একটি সিনেমা নিয়ে ভাবছেন দুজনে।
সূত্রের খবর, সলমন খান ও সাজিদ নাদিয়াদওয়ালা একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করছে। সাজিদ ও পরিচালক এ আর মুরুগাডোস নতুন ছবি নিয়ে যখন আলোচনা শুরু করেন তখন একজনের নামই বারবার উঠে আসে। আর সেই নাম হল সলমন খান। তাই সলমনের সঙ্গেই এগনোর কথা ভাবা হয়। সাজিদ সলমনের সঙ্গে আলোচনা করলে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান অভিনেতা।
সিনেমার কাহিনী বা কী নাম হবে সেসব এখনও ঠিক হয়নি। সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৪০০ কোটি। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার শ্যুটিং হবে ভারত, পর্তুগাল সহ ইউরোপের বেশ কিছু দেশে বলে জানান পরিচালক মুরুগাডোস। সাজিদের কাছে এটা স্বপ্নের প্রজেক্ট। খুব শীঘ্রই শ্যুটিং শুরু করবেন। ২০২৫ সালের ইদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
সলমন খান ইতিমধ্যেই তাঁর পরের ছবি ‘বুল’ নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সদ্যই অভিনেতা প্রস্তুতির ছবি প্রকাশ্যে এনেছেন। চিত্রনাট্যের প্রয়োজনে সলমন এই বয়সেও যেভাবে নিজের চেহারায় বদল এনেছেন তা বিস্ময়কর।
‘বুল’ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন বিষ্ণুবর্ধন। জানা গিয়েছে, এই ছবির মূল বিষয়বস্তু দেশপ্রেম। সলমন খানকে এই ছবিতে ব্রিগেডিয়ার ফারুক বুলসারার চরিত্রে দেখা যাবে। ছবিটির প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। ফেব্রুয়ারি থেকেই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। মুক্তির তারিখ অজানা।