
কী ঘটেছিল জানেন?
শেষ আপডেট: 27 December 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: কবি বলেছেন, 'যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন'--না ছাই ওড়ানোর দরকার নেই। দরকার পরিচালকের উপর বিশ্বাস আর অনেকটা ভরসা। আর এই ভরসার জোরেই বছর কয়েক আগে ঘটে গিয়েছিল এক মিরাকল।
যে ছবি থেকে মুখ ঘুরিয়েছিলেন আল্লু অর্জুন ও আমির খান, সেই ছবিতেই অভিনয় করে মূল বাজেটের প্রায় দশগুণ বেশি টাকা পরিচালকের ঘরে তুলেছিলেন সলমন খান। আজ অর্থাৎ শুক্রবার সলমনের ৫৯তম জন্মদিনে রইল সেই অজানা কাহিনি। দেখুন তো আন্দাজ করতে পারেন কিনা ছবির নাম?
ছবিটির পরিচালক ছিলেন কবীর খান। চিত্রনাট্য নিয়ে পরিচালক প্রথমেই যার কাছে ছুটে গিয়েছিলেন আমির খানের কাছে। আমির চিত্রনাট্য পড়তে রাজিও হন। তবে রিডিং সেশনে কবীরকে স্ক্রিপ্টে বেশ কিছু জায়গা পরিবর্তনের কথা বলেন তিনি। কবীর রাজি হননি। ব্যস, আমির খানও সেই ছবিতে অভিনয় করার প্রস্তাব নাকচ করে দেন। শোনা যায়, প্রস্তাব নিয়ে এরপর কবীর পৌঁছন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের কাছে। ডেটের অসুবিধের কারণে আল্লুও 'না' বলে দেন সরাসরি।
নিরুপায় কবীর এরপর শরণাপন্ন হন খোদ ভাইজানের। চিত্রনাট্যে পড়ে রীতিমতো মুগ্ধ হন সলমন। পাকিস্তানের এক মূক-বধির মেয়ের ভারত-সীমান্তে হারিয়ে যাওয়া ও নিজের জীবন বিপন্ন করে এক ভারতীয়ের তাঁকে উদ্ধারের গল্প শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন সলমন, জানান খোদ পরিচালক কবীর খানই।
ছবিতে সলমনের বিপরীতে দেখা গিয়েছিল করিনা কাপুরকে। এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। বুঝতেই পারছেন কোন ছবির কথা বলা হচ্ছে? ছবির নাম 'বজরঙ্গী ভাইজান'। প্রায় ৯০ কোটি বাজেটে তৈরি হয়েছিল এই ছবি। শুধুমাত্র ভারতেই এই ছবির আয় হয় ৩২০ কোটি ৩৪ লক্ষ টাকা। ওদিকে বিশ্বব্যাপী এই ছবি ঘরে তোলে ৯২২ কোটি।
এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ হয়ে শিশুশিল্পী হর্ষালী মালহোত্রর। ২০১৩ সালে এমনই এক ডিসেম্বরেই মুক্তি পেয়েছিল ছবিটি। মাঝে কেটে গিয়েছে ১১ বছর। তবে ছবিটির প্রতি দর্শকের ভালবাসা এখনও অটুট।