
সলমন খান - Salman Khan
শেষ আপডেট: 11 March 2024 16:55
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিন্দু দারা সিং সলমন সম্পর্কে অনেক অজানা তথ্য সংবাদমাধ্যমকে জানান। অভিনেতার প্রিয় বন্ধু তিনি। কলেজে পড়ার সময় থেকেই সলমনকে তিনি চেনেন। ইন্ডাস্ট্রির কাছে সলমন রাগী গম্ভীর মানুষ হলেও, আসল মানুষটা কেমন তারই খোঁজ মিলল এবার।
ইন্ডাস্ট্রির সবাই জানে সলমন খান কতটা ফিটনেস ফ্রিক! নিজের শরীরকে সবার আগে রাখেন অভিনেতা। বিন্দু দারা সিংকে সলমনের ফিটনেসের পেছনের রহস্যের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সলমন আসলে প্রচণ্ড খাদ্যরসিক। টাইগার ৩-এর অভিনেতা প্রচুর খেতে পারেন। বিন্দু জানান, 'আমার চেহারা দেখার পর পরই আসলে সলমনের নিজের শরীরের দিকে মন দেওয়ার কথা প্রথমে মনে হয়েছিল। কিন্তু ও দরকারের চেয়ে অনেক বেশি ওয়ার্কআউট করত। আর প্রচুর খেতো। অনেকেই ওঁকে দেখে জিজ্ঞেস করত যে, আপনি যে এত খাওয়াদাওয়া করেন সেগুলো যায় কোথায়? সলমন জবাব দিত ও সমস্ত ক্যালোরি বিকেলের ওয়ার্কাউটেই ঝরিয়ে ফেলে।'

এরপর আরও একটা ভেতরের কথা ফাঁস করেন এই অভিনেতা। জানান সলমন খান এখনও তাঁর বাবা সেলিম খানের থেকে হাতখরচ নেন। তিনি জানান, 'সেলিম খান সলমনের জন্য ওঁর সঙ্গী নদিমের হাতে টাকা দিতেন। তিনি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা মতো হাতখরচ দিলেও সলমন সবই গরীব লোকেদের দিয়ে দিতেন। আর আজও ওর একই স্বভাব রয়ে গেছে।'
সলমন খানের সম্পর্কে সাধারণ দর্শকদের অন্যরকম ধারণা রয়েছে। সবাই ভাবে তিনি রগচটা, ব্যবহারও খারাপ। তবে বিন্দু সিংয়ের এই সাক্ষাৎকার 'সুলতান'-এর অভিনেতার সম্পর্কে এক অন্য চিত্র তুলে ধরেছে। অভিনেতার বন্ধুর মতে, 'সলমন আসলে সাদা কাগজের মতো। ও টাকা চায় না কারণ ওঁর দরকার নেই। আমি বোধহয় গুনে শেষ করতে পারব না কতজন গরীব মানুষ ওর এই টাকায় উপকৃত হয়েছে।'