
শেষ আপডেট: 12 March 2023 11:51
দ্য ওয়াল ব্যুরো: জোরকদমে চলছে সলমন খানের (Salman Khan) আগামী ছবি 'টাইগার ৩' (Tiger 3)-র শ্যুটিং। বর্তমানে মধ্যপ্রাচ্যের এক দেশে ছবিটির বড় অংশের শ্যুটিং হচ্ছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে সেই শ্যুটিংয়েরই বেশ কিছু দৃশ্য ভাইরাল (viral picture) হয়ে যায়। যা দেখার পর থেকে স্বাভাবিকভাবেই সলমন ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। টাইগার রূপে ভাইজানকে পর্দায় দেখার জন্য প্রহর গোনা শুরু হয়েছে ইতিমধ্যেই।
ইন্টারনেটে যে ছবিগুলো ভাইরাল হয়েছে, তা দেখে মনে হচ্ছে, অভিনেতা ছবিটির কোনও অ্যাকশন দৃশ্য শ্যুট করছেন। ছবিতে তাঁকে মেরুন রঙের জামা এবং কালো প্যান্ট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। আরও একটি ছবিতে সলমনকে দেখা যাচ্ছে নৌকায় বসে থাকতে। আর একটি ছবিতে স্টান্ট ডিরেক্টরের সঙ্গে কোনও দৃশ্য নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে 'টাইগার'কে। ফলে সবমিলিয়ে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবির শ্যুটিং যে রাজধানীর গতিতে ছুটছে, সে কথা বলাই বাহুল্য।
'টাইগার জিন্দা হ্যায়'র পর ফের এই ছবিতে জুটি বাঁধছেন সলমন এবং ক্যাটরিনা। সিরিজের প্রথম দু'টি ভাগেও এই জুটিকে বেশ পছন্দ করেছিল দর্শক। এবার তৃতীয় ভাগে তাঁদের ফের নতুন মিশনে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা। ছবিটি পরিচালনা করছেন মণীশ শর্মা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই দিওয়ালির সময় বড়পর্দায় মুক্তি পাবে 'টাইগার ৩'।
'জওয়ান'-এর অ্যাকশন দৃশ্য ফাঁস ইন্টারনেটে! শাহরুখের লুক দেখে উত্তেজিত অনুরাগীরা