
পরিবারের চেনাজানা লোকেরা সেই অনুষ্ঠানে হাজির ছিলেন।
শেষ আপডেট: 27 December 2024 10:37
দ্য ওয়াল ব্যুরো: বলিউড সুপারস্টার সলমন খানের জন্মদিন আজ, শুক্রবার ২৭ ডিসেম্বর। খুবই ঘরোয়া-নিরিবিলি পরিবেশে, ছিমছিমভাবে, মধ্যরাতে ভাইজানের বোন অর্পিতা খানের বাড়িতে অনুষ্ঠিত হল তাঁর জন্মদিনের অনুষ্ঠান। একেবারই পরিবারের চেনাজানা লোকেরা সেই অনুষ্ঠানে হাজির ছিলেন। সলমনের ভাই আরবাজ খান এবং তাঁর স্ত্রী বলিউডের প্রখ্যাত মেকআপ শিল্পী শুরা খান ওই ঘরোয়া পার্টিতে উপস্থিত ছিলেন।
বিশেষভাবে দৃষ্টি টেনেছিলেন সলমনের বর্তমান বান্ধবী, যাঁকে নিয়ে প্রবল গুঞ্জন চলছে বলিউডে, সেই রোমানিয়ান অভিনেত্রী য়ুলিয়া ভান্টুরও নিমন্ত্রিত তালিকায় ছিলেন। হাসিমুখে চিত্রসাংবাদিকদের দিকে তাকিয়ে ছবিও তোলেন দাবাং অভিনেতার জন্মদিনের অনুষ্ঠানে এসে। ছিলেন একদা চলচ্চিত্রাভিনেত্রী সঙ্গীতা বিজলানি। বহুকাল আগে সঙ্গীতা ও সলমনের সম্পর্ক নিয়েও বিস্তর গুজব ছড়িয়েছিল। এমনই গুজব যে, তাঁদের প্রায় বিয়ের কথাও টিনসেল টাউনে আলোচনার বিষয় হয়ে উঠেছিল।
এছাড়াও সোহেল খান তাঁর ছেলে নির্বাণ খানকে নিয়ে এসেছিলেন। ছিলেন ববি দেওল, রীতেশ দেশমুখ এবং তাঁর স্ত্রী জেনেলিয়া ডিসুজা, সঙ্গে ছিল তাঁদের দুই ছেলে রিয়ান এবং রাহিল। জন্মদিনের ঠিক প্রাক মুহূর্তে তাঁর নতুন ছবি সিকান্দরের নির্মাতারা ছবিতে সলমনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেন। সলমন নিজেও ইনস্টাগ্রামে জানান, সিকান্দরের টিজার প্রকাশ হবে শুক্রবার। সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজিত এবং এআর মুরুগাদোস পরিচালিত এই ছবিটি ২০২৫ সালের ইদের সময় মুক্তি পেতে পারে। এই ছবিতে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা, প্রতীক বব্বর, সত্যরাজ।