
ছবি সৌজন্যে- সলমন খান (ইনস্টাগ্রাম)
শেষ আপডেট: 31 March 2025 21:13
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবছরের মতো এবছরও ইদে ভক্তদের সামনে ধরা দিলেন সলমন খান। সোমবার সকলকে জানালেন খুশির ইদের শুভেচ্ছা। এদিন বান্দ্রায় নিজের বাড়িতে বুলেটপ্রুফ গ্লাসের আড়াল থেকে ভক্তদের হাত দেখিয়ে ইশারায় শুভেচ্ছা জানান। তাঁর সঙ্গে ছিল বোন অর্পিতা খানের দুই সন্তান আয়াত ও আহিল।
সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল থেকেই সেই ভিডিও শেয়ার করেন ভাইজান। সাদা কুর্তা-পাজামা পরে দেখা যায় তাঁকে। আয়াতের সঙ্গে পোজও দেন। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওই পোস্টে লেখেন, 'ধন্যবাদ, সকলকে ইদ মোবারক।'
View this post on Instagram
কেন বুলেটপ্রুফ গ্লাসের ভিতর থেকে শুভেচ্ছা জানালেন তিনি?
সম্প্রতি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার সহযোগীদের কাছ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর সলমন খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি গ্যালাক্সিতে বুলেটপ্রুফ গ্লাস লাগিয়েছেন এবং নিজের জন্য একটি বুলেটপ্রুফ গাড়িও কিনেছেন বলে জানা যায়। এছাড়া, শুটিং চলাকালীন তাঁর সঙ্গে অতিরিক্ত ব্যক্তিগত নিরাপত্তারক্ষীও থাকছে।
বর্তমানে সিকন্দর নিয়ে ব্যস্ত ভাইজান। ছবিটি মুক্তির প্রথম দিনেই দেশে প্রায় ৩০ কোটি টাকা আয় করেছে। ইদের দিন প্রিয় অভিনেতাকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই ফলে সোমবার বক্স অফিসে ছবিটি ভাল ফল করবে বলে আশাবাদী নির্মাতারা।
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন সত্যরাজ, রশ্মিকা মন্দনা, কাজল আগরওয়াল এবং শরমন জোশি।