
শেষ আপডেট: 11 June 2023 09:30
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে শুধু নায়ক-নায়িকা নয়, জুটি তৈরি হয় অভিনেতা-পরিচালকেরও। তাঁরা একসঙ্গে ছবি বানালেই তা দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়ে দর্শক। তেমনই একটি জুটির নাম সলমন খান-সুরজ বরজাতিয়া। রাজশ্রী প্রোডাকশনের সিনেমা দিয়েই যে বলিপাড়ায় সলমনের উত্থান, তা এতদিনে সবারই জানা। সুরজের পরিচালনায় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ই ছিল তাঁর অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট। তাই সুরজকে নিয়ে বরাবরই শ্রদ্ধাশীল ভাইজান। এমনকী পরিচালকের ব্যবহার তাঁকে এতটাই মুগ্ধ করেছিল যে, অন্য এক পরিচালককে তিনি পরামর্শ দিয়েছিলেন, অভিনেতার থেকে অভিনয় বের করে নিতে হলে আগে সুরজের মতো নম্র-ভদ্র হতে হবে।
রাজশ্রী প্রোডাকশনের এক সাক্ষাৎকার পর্বে এই কথা খোলসা করেছিলেন সলমন নিজেই। সেসময় তাঁর পাশে বসেছিলেন সুরজও। সলমনের কথা শুনে তখন পরিচালক নিজেও লজ্জায় মাথা নেড়ে হাসতে থাকেন। কোন পরিচালককে এ কথা বলেছিলেন সলমন? অভিনেতা জানান, ‘সঞ্জয় লীলা বনশালির সঙ্গে শ্যুটিং করছিলাম। উনি মাঝেমধ্যেই রেগে চিৎকার-চেঁচামেচি করছিলেন সেটের মধ্যেই। তখন আমি তাঁকে কাছে ডেকে বলি, আগে অভিনেতাদের সঙ্গে ভাল করে ব্যবহার করতে হবে। ওঁদের উপর চিৎকার করলে অভিনয় আরও খারাপ হবে। তুমি সুরজ বরজাতিয়াকে দেখে আগে ভদ্র ব্যবহার করতে শেখো।’
এরপর সলমন আরও বলেন, ‘সঞ্জয় বুঝতে পেরেছিলেন নিজের ভুল। তিনি স্বীকারও করেছিলেন। তখন আমি তাঁকে বলি, ভালবাসা দিয়েই ভাল কাজ করানো যায়। ভালবাসা ছিল বলেই তাজমহল বানানো সম্ভব হয়েছিল। ঘৃণা, রাগ দিয়ে ভাল কাজ হয় না।’ শুধু তাই নয়, এরপর ওই সাক্ষাৎকার পর্বে সলমন সুরজের ব্যবহার নিয়েও কথা বলেন। অভিনেতা জানান, ‘ধরুন আমরা শ্যুটিং করছি। টানা শিডিউল চলছে কিংবা আলো কমে আসছে, তাও সুরজ সেসব নিয়ে টেকনিশিয়ানদের উপর চিৎকার করে না, অভিনেতাদের সঙ্গে বাজেভাবে আচরণ করে না। সারাক্ষণ একটা শান্ত ভাব বজায় থাকে ওর চোখে-মুখে। তাই সময় লাগলেও সবাই ভালভাবে নিজের কাজ শেষ করতে পারে। আমার মতে সুরজ অনেকটা গৌতম বুদ্ধের মতো।’
বেরিয়ে এল রণবীরের হিংস্র রূপ! ‘অ্যানিম্যাল’-এর ঝলক প্রকাশ্যে