
শেষ আপডেট: 20 December 2023 14:00
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ও শুক্রবার, ২২ ডিসেম্বর যথাক্রমে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ‘ডানকি’ ও প্রভাস অভিনীত ‘সালার’। গত ১৫ ডিসেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে দুটো সিনেমার অগ্রিম বুকিং। সেই ট্রেন্ড দেখে সিনেমা বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, “প্রভাসের ‘সালার’ খুব সহজেই ‘ডানকি’কে ব্যবসার নিরিখে পিছনে ফেলে দেবে।” মূলত ওপেনিং ডে কালেকশনের অগ্রিম বুকিং দেখেই এমনটা ধারণা করা হচ্ছে।
শুধু টিকিট বুকিং নয়, শাহরুখের ‘ডানকি’কে পিছিয়ে রাখার আরও একটি কারণ খাড়া করেছেন বাণিজ্য বিশ্লেষকরা। তাঁদের মতে, “প্রভাসের ছবিটি মূলত কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির ছবি হলেও এর চাহিদা রয়েছে গোটা ভারতজুড়ে। কারণ এই প্রথমবার ‘বাহুবলি’ খ্যাত প্রভাস ও ‘কেজিএফ’-এর পরিচালক প্রশান্ত নীল একসঙ্গে ছবি করেছেন। কন্নড় ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে ‘সালার’। আর এখানেই পিছিয়ে শাহরুখ।
কারণ, ‘ডানকি’ শুধুমাত্র হিন্দি ভাষাতেই মুক্তি পাবে। শাহরুখের এবছর মুক্তি পাওয়া দু’টি ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’ হিন্দি ছাড়াও তিনটি দক্ষিণী ভাষায় মুক্তি পেয়েছিল। আর ওই দু’টি ছবি ছিল অ্যাকশন জঁরের। হার্ডকোর ফিল্ম হওয়ার কারণে ছবি দেখতে হলে ভিড় করেছিলেন দক্ষিণের দর্শকরা। তবে ‘ডানকি’ সামাজিক বার্তাবহ ছবি। তাই ‘সালার’-এর পাশাপাশি এধরনের ছবি একটা বিশাল অংশের মানুষ গ্রহণ করবেন কিনা, সেটাই দেখার।
বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের কথায়, “শুধুমাত্র হিন্দিতে মুক্তি পাওয়ার কারণে ‘ডানকি’ সাউথ ইন্ডিয়ায় তেমন শো পাবে না। কিন্তু ‘সালার’ যেহেতু হিন্দিতেও মুক্তি পাচ্ছে, তাই উত্তর ভারতের হিন্দি বেল্টে প্রভাসের ছবিটিকে ঢালাও শো দিয়েছেন ডিস্ট্রিবিউটররা। এখানেও খানিক পিছিয়ে রয়েছেন শাহরুখ। তবে প্রথম দিনের ব্যবসায় শাহরুখ পিছিয়ে থাকলেও বক্স অফিসে লম্বা দৌড়ে কে জিতবেন, রিলিজের পর সেদিকেই নজর থাকবে সকলের।
আপাতত বহু বছর পর এরকম বড়সড় একটা ক্ল্যাশ দেখতে চলেছে গোটা ভারত, সে কথা বলাই যায়। যেখানে একদিকে থাকবেন শাহরুখ খান ও রাজকুমার হিরানি, যাঁরা প্রথমবার জুটি বেঁধেছেন রুপোলি পর্দায়। যে জুটিকে দেখার জন্য এতকাল মুখিয়ে ছিলেন দর্শকরা। অন্যদিকে রয়েছেন প্রভাস ও প্রশান্ত নীল। এঁরাও এই প্রথম একসঙ্গে কাজ করলেন। যে জুটিকে নিয়ে ইতিমধ্যে প্রত্যাশার পারদ তুঙ্গে। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা।