
শেষ আপডেট: 18 April 2023 13:58
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের পর এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নাম লেখালেন সইফ আলি খান (Saif Ali Khan)। তবে নায়ক হিসাবে নয়, বরং খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে নবাবকে। এমনটাই খবর ছড়িয়েছে। জানা গিয়েছে, সইফের বিপরীতে থাকছেন 'আরআরআর' খ্যাত জুনিয়র এনটিআর (Jr NTR)। এই ছবিতেই নায়িকার চরিত্রে রয়েছেন বলি ডিভা জাহ্নবী কাপুর।
বি টাউনের লিডিং হিরোদের মধ্যে সইফ-ই প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে নাম লিখিয়েছিলেন। বিগত কয়েক বছরে নানারকম চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। এবার এনটিআরের বিপরীতে তেলুগু ছবি 'এনটিআর ৩০' (NTR 30)-এ ডেবিউ করতে চলেছেন অভিনেতা। প্রথমে যদিও শোনা গিয়েছিল, এই সিনেমার অফার ফিরিয়ে দিয়েছেন সইফ। তবে সে গুজব উড়িয়ে দিয়ে কোরাতালা শিবা (Koratala Siva) পরিচালিত এই ছবির শ্যুটিং সেটে দেখা গেল ছোটে নবাবকে।
সমাজমাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, খোশমেজাজে গল্প করছেন দুই অভিনেতা। সেই ছবিগুলি সামাজিক মাধ্যমে পোস্ট করে শ্যুটিং শুরুর খবর দিয়েছেন সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। উল্লেখ্য, জুনিয়র এনটিআরের আগে আর এক তেলুগু অভিনেতা প্রভাসের সঙ্গেও কাজ করেছেন সইফ। তবে সেটি মূলত হিন্দি ছবি। এবার তেলুগু ইন্ডাস্ট্রিতে তিনি কেমন কাজ করেন, সেদিকে নজর থাকবে অনেকেরই।
আমিরের সঙ্গে কঙ্গনার বন্ধুত্ব নষ্ট করেছেন হৃতিক! ফের বিতর্কিত ভিডিও নায়িকার