
সইফ-ভজন
শেষ আপডেট: 22 January 2025 16:06
দ্য ওয়াল ব্যুরো: ভজন সিং রানা (Bhajan, Bhajan Singh Rana)। উত্তরাখন্ডের মানুষ। পেশায় অটোচালক। বহুদিন ধরেই মুম্বই অটো চালাচ্ছেন ভজন। ১৬ জানুয়ারির ভোররাতে একটি ড্রাইভারও পাওয়া যাচ্ছিল না। সইফ আলি খান তখন রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। ঠিক তখনই মেলে ভজন সিং রানা।র সাক্ষাৎ। একেবারে দেবদূতের মতো হাজির হন তিনি। সইফকে হাসপাতালে নিয়ে যায় ভজনই।
অবশেষে, পাঁচ দিন পরে, অর্থাৎ মঙ্গলবার জীবন যুদ্ধে জিতে বাড়ি ফিরলেন অভিনেতা সইফ। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, আপাতত ভাল আছেন অভিনেতা। তাঁর অস্ত্রোপচার হয়েছে, কিছুদিন বিশ্রামে থাকতে হবে। তবে হাসপাতাল ছাড়ার আগে সইফ দেখা করলেন ভজনের সঙ্গে। জড়িয়ে ধরলেন তাঁর ত্রাতাকে। ছবি তুললেন ভজনের সঙ্গে।
Mumbai, Maharashtra: Bhajan Singh Rana, the auto driver who took actor Saif Ali Khan to the hospital after he was attacked, met the actor after he was discharged from the hospital yesterday.
— IANS (@ians_india) January 22, 2025
Auto driver Bhajan Singh Rana says, "...They gave a time of 3:30 PM, I said okay, and I… pic.twitter.com/knmztnk9E4
সইফের (Saif Ali Khan, Saif Ali Khan actor) সঙ্গে সাক্ষাতের পর ভজন সংবাদ সংস্থাকে জানান, ‘তারা বিকেল ৩:৩০টে নাগাদ আসতে বলেছিল, আমি বলি, ঠিক আছে, পৌঁছে যাব। আমি একটু দেরিই করে ফেলেছিলাম, প্রায় ৪-৫ মিনিট, এবং তারপর গিয়ে দেখা করলাম। যখন ভিতরে ঢুকলাম, দেখলাম তাঁর পরিবারও সেখানে ছিল। তাঁরা সবাই চিন্তিত ছিল, কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল। তাঁর মা এবং সন্তানরাও ছিল, সেখানে, তাঁদের তরফ থেকে আমায় অনেক সম্মান দেওয়া হয়েছে।’ এখানে থামেননি ভজন। বললেন, ‘এই যে আমাকে আজ আমন্ত্রণ জানানো হল, খুব ভালো লেগেছে। বিশেষ কিছুই না, শুধু দেখা করার জন্য এই আমন্ত্রণ। আমি ওঁকে বললাম, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি আগে আপনার জন্য প্রার্থনা করেছি, এবং সেই প্রার্থনা আমি করে যাব...’ বলেন অটোচালক ভজন সিং রানা।
সূত্রের খবর, ইতিমধ্যেই এক অলাভজনক সংস্থা থেকে ভজনকে (Bhajan, Bhajan Singh Rana) দেওয়া হয়েছে ১১ হাজার টাকা।
ঠিক কী ঘটেছিল ১৬ জানুয়ারির সেই ভয়ঙ্কর রাতে?
ভজন সিং রানা এক সাক্ষাৎকারে জানান সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, সে রাতে আচমকাই ভজন দেখতে পান বিপরীতের ফ্ল্যাট থেকে এক মহিলা তাঁকে ডাকছেন। ইউ-টার্ন করে গাড়ি নিয়ে গিয়েই দেখেন এ কী কাণ্ড! রক্তাক্ত অবস্থায় সাদা পাঞ্জাবি পরে সেখান থেকে বের হয়ে আসছেন এক ব্যক্তি। গোটা পোশাক লালে-লাল। কালবিলম্ব না করে সেই ব্যক্তিকে নিয়ে পাশেই লীলাবতী হাসপাতালে নিয়ে যান তিনি। তাঁর তৎপরতার কারণেই অতিরিক্ত রক্তক্ষরণের হাত থেকে রক্ষা পান সইফ।
ভজনের কথায়, ‘আমি জানতাম না উনি সইফ আলি খান। শুধু এটাই মাথায় ঘুরছিল একজন অসুস্থ, তাঁকে নিয়ে যে করেই হোক হাসপাতালে যেতে হবে।’ জিজ্ঞাসাবাদের জন্য অটোচালককে বান্দ্রা থানাতেও ডাকা হয়, এমনটাই সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সইফ আলি খান (Saif Ali Khan, Saif Ali Khan actor)। ঘাড়ে ও হাতে এখনও রয়েছে ব্যান্ডেজ। তবে আগের থেকে সুস্থ আছেন সইফ। শোনা যাচ্ছে, বান্দ্রার বাড়িতেই ফিরেছেন তিনি। গোটা বাড়িই মুড়ে ফেলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তায়।