
শেষ আপডেট: 15 April 2022 09:47
দ্য ওয়াল ব্যুরো: মফস্বলের মধ্যবিত্ত পরিবারের গণ্ডির মাঝেই স্বপ্ন দেখেছিলেন, নিজে হাতে বদলে দেবেন ভারতীয় ফ্যাশনের ইতিহাস, ভূগোল, ব্যাকরণ। খাতায় কলমে কাঁকিনাড়ার বাড়িতে বসে একসময় কত না আঁকিবুকি কেটেছেন! ন্যাশানাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি থেকে স্নাাতক পাশ করে স্বপ্নপূরণের পথে পা বাড়ান সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee)। সময়টা ১৯৯৯ সাল। এরপরই কলকাতা থেকে সোজা বলিউডে (bollywood) পাড়ি দেন তিনি। তারপর বাকিটা ইতিহাস, যে ইতিহাসের পাতায় এখনও লেখা হয়ে চলেছে বি-টাউনের চাকচিক্য ভরা ঝলমলে সব গল্প।

আরও পড়ুন: মালাবদলের পরেই ঠোঁটে ঠোঁট! প্রকাশ্যে রণবীর-আলিয়ার ছাদনাতলার ভিডিও
বলিউডে এখন সব্যসাচী মুখোপাধ্যায়কে ছাড়া কোনও হাই প্রোফাইল বিয়ের কথা ভাবাই যায় না। বিদ্যা বালান থেকে শুরু করে বিপাশা বসু, অনুষ্কা শর্মা থেকে শুরু করে আলিয়া ভাট, বিয়েতে সকলেরই এক এবং অদ্বিতীয় পছন্দ সব্যসাচী। ৪৮ বছরের এই বাঙালি বাবুটির কোনও জুড়ি আজও খুঁজে পায়নি বলিউড।

সব্যসাচী মুখোপাধ্যায় শুধু বাঙালি নন, কাঠ বাঙাল। সাতচল্লিশে দেশভাগের সময় ওপার বাংলা থেকে তাঁর বাবা-মা চলে এসেছিলেন পশ্চিমবঙ্গে। কলকাতা সংলগ্ন মফস্বলে মাথা গুঁজেছিলেন কোনওরকমে। কাঁকিনাড়ার সেই বাড়ি থেকে আজ বলিউডে সব্যসাচী। তাঁকে ছাড়া এত বড় একটা ইন্ডাস্ট্রি স্রেফ চোখে অন্ধকার দেখে বললেও অত্যুক্তি হয় না।
বিদ্যা বালান তাঁর বিয়েতে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা বেনারসি শাড়ি পরেছিলেন। লাল রঙা সেই শাড়ির কারুকার্যে মুগ্ধ হয়েছিল সকলে। বিদ্যার সেই বেনারসির জন্য চেন্নাই থেকে বাছাই করা সিল্ক এনেছিলেন বলিউডের এই বাঙালিবাবু।

অনুষ্কা শর্মা, বিরাট কোহলি গ্র্যান্ড ওয়েডিং বহুদিন মনে রাখবে বলিউড। অনুষ্কার বিয়ের ল্যাহেঙ্গায় ছিল হালকা গোলাপের আভা, বিরাট পরেছিলেন সাদা আর গোল্ডেনের কারুকাজ করা চোখ ধাঁধানো শেরওয়ানি। বর কনে দুজনের পোশাকের কারিগরই সব্যসাচী।

রণবীর সিং দীপিকা পাডুকোনও কম যান না। বলিউডে তাঁদের রাজকীয় বিয়েও ছাপ রেখে গেছে দীর্ঘস্থায়ী। বিয়েতে দীপিকা আর রণবীর দুজনকেই দেখা গিয়েছিল লাল রঙের সাজে। দীপিকা পরেছিলেন লাল কারুকার্যে ভরা একখানা চোখ ধাঁধানো ল্যাহেঙ্গা। এছাড়া রণবীরের পরনে ছিল টকটকে লাল রঙের র সিল্কের শেরওয়ানি। বলা বাহুল্য দুটোই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা।

লাল বেনারসি, মাথায় মুকুট, বিয়েতে আদ্যোপান্ত বাঙালি বধূ সেজেছিলেন বিপাশা বসু। তাঁর সেই ঝকঝকে সাজের নেপথ্যেও ছিলেন সব্যসাচী।

প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের লাল শাড়িটার দিক থেকে যেন চোখ সরানো যায় না। সে শাড়ি সব্যসাচী ছাড়া আর কেই বা বানাতে পারেন! তাঁর হাতে বানানো পোশাকেই আরও মোহময়ী হয়ে উঠেছেন বলিউডের 'দেশি গার্ল'।

ক্যাটরিনা কাইফের বিয়ের সাজেও প্রধান কারিগর সেই সব্যসাচীই। মেহেন্দি থেকে শুরু করে বিয়ে, যাবতীয় অনুষ্ঠানে সব্যসাচীর ডিজাইন করা ল্যাহেঙ্গা পরেই বাজিমাত করেছেন ভিকি কৌশলের বউ। বিয়েতে তাঁর পরনে ছিল টকটকে লাল ল্যাহেঙ্গা। তাতে জরির কারুকাজ ছিল দেখার মতো। এছাড়া মেহেন্দিতেও মাল্টিকালারের একটা ল্যাহেঙ্গা পরেছিলেন ক্যাটরিনা যার ডিজাইনার অবশ্যই সব্যসাচী মুখোপাধ্যায়।

সবশেষে আলিয়া ভাটের কথায় আসা যাক। মুম্বইতে আরকে হাউজে স্বপ্নের বিয়েটা সেরে ফেলেছেন রণবীর, আলিয়া। মহেশ ভাটের মেয়ের বিয়ের সাজে আভিজাত্য ছিল কানায় কানায় পূর্ণ। হালকা অফ হোয়াইট রঙের ল্যাহেঙ্গা পরেছিলেন আলিয়া। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা সেই পোশাকে বিয়ের আসরে মোহময়ী দেখাচ্ছিল তাঁকে। আলিয়া- রণবীরের ছিমছাম বিয়ের এই আভিজাত্য সব্যসাচীকে ছাড়া সম্ভব ছিল না, সকলেই এক বাক্যে মানছেন সে কথা।

কলকাতা লাগোয়া মফস্বল থেকে বলিউডকে আজ এভাবেই শাসন করছেন সব্যসাচী। শুধু বলিউডি বিয়ে নয়, একাধিক ছবিতেও কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন তিনি। দেশের যে কোনও প্রান্তেই হোক না কেন, ঝলমলে বিয়ে মানেই ডাক পড়ে সব্যসাচীর। মুম্বইয়ের মায়ানগরীতে বাঙালিবাবুর এই দাদাগিরি যত দিন যাচ্ছে ততই গাঢ় হচ্ছে, জমাট বাঁধছে সব্যসাচীর ডিজাইন। বলিউড আরও বেশি করে চোখে হারাচ্ছে বাঙালিকে।