
শেষ আপডেট: 4 November 2022 07:43
দ্য ওয়াল ব্যুরো: টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) ব্রেন স্ট্রোকের (brain stroke) ঘটনায় একের পর এক নেতিবাচক খবর ছড়ানো নিয়ে এবার তুমুল ক্ষোভ জানালেন তাঁর সবসময়ের সঙ্গী সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। যেভাবে ঐন্দ্রিলাকে নিয়ে একের পর ভুয়ো বা নেতিবাচক খবর ছড়াচ্ছে তাতে স্বভাবতই বিরক্ত তিনি।
শুক্রবার তিনি ফেসবুকে লিখলেন (facebook post), ‘ঐন্দ্রিলার বিষয়ে অযথা নেতিবাচক খবর ছড়ানো বন্ধ করুন। কিছু নিম্নমানের তথাকথিত মিডিয়ার ভুয়ো খবরে নিজেদের বিভ্রান্তি বাড়াবেন না অথবা ওর বাড়ির লোককে বিরক্ত করবেন না। আমি এখনও অবধি কোনও সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করিনি, সাক্ষাৎকার দিইনি, দেবও না। শুধু জেনে রাখুন মেয়েটা লড়ে যাচ্ছে, সঙ্গে লড়ছে একটা গোটা হাসপাতাল।’ শেষে তিনি লেখেন, ‘নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।’
বরাবরের মতোই এবারেও ঐন্দ্রিলা শর্মার পাশে রয়েছেন তাঁর সুখ দুঃখের সঙ্গী সব্যসাচী চৌধুরী। টানা তিনদিন নাওয়া খাওয়া ভুলে হাসপাতালেই আছেন তিনি। ক্যানসারের সঙ্গে ঐন্দ্রিলার দীর্ঘ লড়াই এবং যুদ্ধজয়ের কথা সোশ্যাল মিডিয়ায় বারবার লিখেছেন সব্যসাচী। তবে এখন আর তিনি সেই অবস্থায় নেই বলেই ঘনিষ্ঠ সূত্রে খবর।
উল্লেখ্য, মঙ্গলবার ব্রেনস্ট্রোকের পরে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঐন্দ্রিলাকে। সূত্রের খবর, স্ট্রোকের পর তাঁর শরীরের একটা দিক পুরো অসাড় হয়ে গেছে। বুধবার রাতে শেষবারের জন্য চোখ খুলেছিলেন তিনি। এর পরে মাঝে একটা গোটা দিন কেটে গেলেও অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ, শুক্রবার সকালেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলেই খবর। আশঙ্কাজনক অবস্থায় এখনও তিনি আইসিইউতে রয়েছেন বলেই জানা গিয়েছে। তবে কেউই হাল ছাড়তে রাজি নন। সব্যসাচী, বন্ধু অভিনেতা সৌরভ, ঐন্দ্রিলার পরিবার, অনুরাগী– সকলেই এখন তাঁর সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন।
ঐন্দ্রিলা ভাল নেই, অস্ত্রোপচার সফল হলেও কাটেনি সংকট! ৭২ ঘণ্টা পরেও বলা যাচ্ছে না কিছু