
শেষ আপডেট: 17 November 2022 02:19
দ্য ওয়াল ব্যুরো: বুধবার মধ্যরাতে হঠাৎই ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma) নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে যায় ফেসবুকে। সত্যি-মিথ্যে খতিয়ে না দেখেই একে অন্যের দেখাদেখি স্টেটাস দিতে শুরু করেন। বহু মানুষ ওই রাতেই হাওড়ার সেই বেসরকারি হাসপাতালের সামনে ভিড় জমান। যা দেখে শেষ অবধি হাসপাতাল কর্তৃপক্ষ বিরক্ত হয়ে পুলিশ ডাকে। এসব দেখার পরেই ঐন্দ্রিলার প্রেমিক তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) ফের একটি পোস্ট করেন ফেসবুকে (facebook post)। বুধবার গভীর রাতে প্রায় দু'টো নাগাদ তিনি লেখেন, ‘‘আর একটু থাকতে দাও ওকে… এ সব লেখার অনেক সময় পাবে।’’
গভীর রাতে হাসপাতাল সূত্রে জানা গেছে, ঐন্দ্রিলা এখনও ভেন্টিলেটর সাপোর্টেই আছেন। সংকটে আছেন তবে লড়াই এখনও চালিয়ে যাচ্ছেন। আর যেহেতু ঐন্দ্রিলার বয়স অনেকটাই কম, তাই এই জীবনযুদ্ধে এখনও কিছুটা আশার আলো দেখছেন চিকিৎসকরা। বুধবার সকালে পরপর হার্ট অ্যাটাকের পর আর তেমন গুরুতর কোনও ঘটনা ঘটেনি।
এর আগে মঙ্গলবার ঐন্দ্রিলার স্ক্যান রিপোর্টে ধরা পড়েসিছিল যে, ওঁর ব্রেন স্ট্রোকের পর মাথার যেদিকে অস্ত্রোপচার হয়েছিল, ঠিক তার বিপরীত দিকে নতুন করে রক্ত জমাট বেঁধেছে। যা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ডাক্তারদের কাছে। এদিকে তাঁর রক্তে সংক্রমণও কমেনি। তা আগের মতোই রয়েছে। এর ফলে জ্বর কমারও কোনও লক্ষণ দেখছেন না চিকিৎসকরা। ফলে পরিস্থিতি যে আগের থেকেও সংকটজনক, তা মানছেন খোদ ডাক্তাররাই।
হাসপাতাল সূত্রে খবর, নতুন করে যে রক্ত জমাট বেঁধেছে, তা আকারে এতই ক্ষুদ্র যে অস্ত্রোপচার করা যাবে না। তাই সেই জায়গাটি ওষুধ দিয়ে কিছুটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে। গত সপ্তাহেই যেখানে ঐন্দ্রিলার দ্রুত সেরে ওঠার আশা দেখা যাচ্ছিল, সেখানে মাত্র কয়েকদিনের ব্যবধানে এমন পরিবর্তন মানতে পারছেন না কেউই।