
শেষ আপডেট: 11 March 2024 17:28
দ্য ওয়াল ব্যুরো: গায়ক কেকে-কে নিয়ে বিরূপ মন্তব্যের কারণে ২০২২ সালে শিরোনামে এসেছিলেন গায়ক রূপঙ্কর। ওই বছরেই কলকাতায় কনসার্ট করার সময় হার্ট অ্যাটাকে মারা যান বলিউডের জনপ্রিয় গায়ক কেকে। তার পরপরই রূপঙ্করের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে গায়ককে বলতে শোনা যায়, 'কেকের গান শোনার পর আমি বুঝতে পেরেছি যে আমরা সবাই কেকের চেয়ে অনেক ভাল গান করি।' মন্তব্যটা অবশ্য তিনি করেছিলেন কেকের দুর্ভাগ্যজনক মৃত্যুর আগে। কিন্তু শোকের আবহে রূপঙ্করের সেই মন্তব্যের চরম প্রতিক্রিয়া হয়।
এবার অশালীন ভাষায় গালিগালাজ করায় ভাইরাল হলেন বাংলার জনপ্রিয় গায়ক। পোস্ট অফিসে গিয়ে একজন কর্মচারীর সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে গায়ক রূপঙ্কর বাগচির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও। সেই ভিডিওতে দাবি করা হয়েছে, গায়ক ও তাঁর স্ত্রী পোস্ট অফিসে গিয়ে কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন!পোস্ট অফিসে কর্মরত দেবারতী দেবী তাঁর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছেন।
অভিযোগকারিণী তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'পেশায় গায়ক রূপঙ্কর বাগচী মহাশয় আজ সস্ত্রীক আমাদের পোস্ট অফিসে আসেন আধারের কাজ করাতে। প্রথমে সাড়ে বারোটা নাগাদ জনৈক চৈতালি লাহিড়ী (পরে বোঝা গেল উনি রূপঙ্কর বাবুর স্ত্রী ) এসে আধার নথিভুক্তিকরণের জন্য থাকা কর্মীকে বলেন উনি রাজ্য সরকারের মহিলা সুরক্ষা দপ্তর থেকে আসছেন, ওনাকে "তক্ষুনি" করে দিতে হবে। প্রত্যুত্তরে আধার কর্মী বলেন, তিনি করে দেবেন কিন্তু আগে যারা সেই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের করে তারপর…
প্রতিদিন আমাদের অফিসের সদর দরজা সকাল দশটায় খোলা মাত্র দেখি প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন... এই লাইনের জন্য তারা স্বভাবতই দশটার আরো আগে থেকেই দাঁড়ান। এই অবস্থায় কোনোমতেই একজন শিল্পীকে সেই সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলিকে টপকিয়ে আগে সার্ভিস দেওয়া সম্ভব নয়, অন্তত নীতিগত ভাবে তো নয়ই…
এটা বুঝিয়ে বলার পরেও তিনি রীতিমতো "পাওয়ারফুল শিল্পীপত্নী" সুলভ আচরণ করেন এবং নিজেই স্বঘোষিত ভাবে বলেন যে উনি দুপুর দেড়টার সময় ফের আসবেন।
দেড়টার বদলে ওনাদের কাজ ১:৩৫ এ শুরু হয়, তাতেই রূপঙ্কর বাবুর শৈল্পিক সত্ত্বায় আঘাত লাগে। ওনার স্ত্রী চৈতালি দেবীর বক্তব্য অনুযায়ী "মুড়ি মুড়কি এক করলে চলবে না, বুঝতে হবে কাকে আগে করতে হবে"... অর্থাৎ ওনারা দামী মুড়কি আর সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলি সস্তার মুড়ি। ইতিমধ্যে আমরা অর্থাৎ উক্ত ডাকঘরে থাকা কর্মীরা ছুটে যাই, ওনাকে বোঝানোর চেষ্টা করি… বলি যে আপনারা দরকার পড়লে আলাদা ভাবে বলতেন, আমরা এনাদের করে শেষ বেলার দিকে আপনাদের সময় করে দিতাম, ইত্যাদি…
কিন্তু অহঙ্কারবশত বাগচিবাবু ভুলে যান যে উনি একজন কর্তব্যরত সরকারী কর্মচারীর সাথে কী ব্যবহার করছেন, তাই ঔদ্ধত্যপূর্ণ ভাবে বলেন "F_u*c@k you".. তারপর আমরা সকল কর্মী এবং সেখানে উপস্থিত কিছু কাস্টমারেরা সম্মিলিত ভাবে জোর গলায় ওনার "unparliamentary" শব্দবন্ধের বিরুদ্ধে প্রতিবাদ করলে বাগচিপত্নী স্বামীকে বগলদাবা করে পিছু হটতে বাধ্য হন...
আমার একটাই কথা এই গায়ক মহাশয় এতোটা স্পর্ধা পান কোথা থেকে? আমাদের অনেক ব্যস্ত কাস্টমারেরা থাকেন যারা অনলাইন slot booking করে আধারের কাজ করিয়ে থাকেন.. কিন্তু সেই বলে আমি মহিলা দপ্তরের কর্মী, আমি দেরী করে আসবো আর যাদের আগে হওয়ার কথা তারা মুড়ি বলে আমি মুড়কি, ইয়ে মানে গায়ক / গায়কপত্নী হয়ে সুবিধা নিয়ে চলে যাবো, এটা ভাবেন কোন আক্কেলে??
(প্রথমে গালাগালি দিলে আমি বাধ্য হয়ে ভিডিও করতে শুরু করি, তাই ওনার অসভ্যতার সম্পূর্ণটি এই ক্যামেরা বন্দী করতে পারিনি)।' (বানান অপরিবর্তিত)
এই ভিডিও নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। তবে শিল্পীর তরফ থেকে এই বিষয় এখনও কিছু জানা যায়নি।