
শেষ আপডেট: 26 February 2023 16:07
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরতে চলল, তবু কেকে বিতর্ক পিছু ছাড়ল না সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচির (Rupankar Bagchi)। এবার অরিজিৎ সিংয়ের (Arijit Singh) ছবিতে ভালবাসা জানিয়ে বিদ্রুপের শিকার হলেন তিনি। প্রয়াত গায়ক কেকে সম্পর্কে রূপঙ্কর বলেছিলেন, "হু ইজ কেকে ম্যান?" এবার সেই বক্তব্যকে টেনে এনে রূপঙ্করের মন্তব্যের নীচে নেটিজেনরা লিখল, "হু ইজ অরিজিৎ সিং ম্যান?"
যদিও ট্রোলারদের আক্রমণ নিয়ে সামাজিক মাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি রূপঙ্কর। তবে এক সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমি এই নিয়ে কোনও কথা বলব না। বিষয়টা উপেক্ষা করছি।" তবে অনেকেই যেমন সঙ্গীতশিল্পীকে কটাক্ষ করেছেন, আবার তেমন অনেকেই তাঁর পাশেও দাঁড়িয়েছেন। কেউ কেউ লিখেছেন, "রূপঙ্কর বাগচি জাতীয় পুরস্কারজয়ী একজন শিল্পী। উনি যে মন্তব্য করেছিলেন, তার জন্য ক্ষমাও চেয়েছেন। সেই বিষয়টি বারবার টেনে আনা উচিত নয়।"
সম্প্রতি ২০২১ সালের পুরনো একটি ডিপি আবার ফিরে এসেছে অরিজিৎ সিংয়ের প্রোফাইলে। সেই ছবির নীচে রূপঙ্কর লেখেন, ‘ভালোবাসা নিও’। এরপরেই ঘটে যাবতীয় ঘটনা। গায়কের ওই কমেন্টের নীচেই পাল্টা মন্তব্য করেছেন বহু নেটিজেন। রূপঙ্করের সেই কমেন্ট দেখে ট্রোলাররা কার্যত ঝাঁপিয়ে পড়েন। পাল্টা লেখা হয়, "হু ইজ অরিজিৎ সিংহ ম্যান?" তারপর শুরু হয় হাসি, ঠাট্টা, বিদ্রুপ। কেউ প্রশ্ন ছোড়েন বাঙালি গায়ক অরিজিৎ সিংও কিন্তু মুম্বই দাপিয়ে বেড়াচ্ছেন, তাঁর যশ-খ্যাতিতে আপনি আবার ঈর্ষাপরায়ণ হচ্ছেন না তো?" যদিও কোনও মন্তব্যেরই জবাব দেননি রূপঙ্কর।
রেকর্ড ৬৬ দিনে গঙ্গার নীচে সুড়ঙ্গের কাজ শেষ! কবে চালু হবে হাওড়া ময়দান থেকে মেট্রো চলাচল