
শেষ আপডেট: 23 May 2022 10:03
দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) বাড়িতে অব্যবহৃত চিমনি থেকে হঠাৎ বিস্ফোরণ। রান্নাঘরে ছড়িয়ে পড়ে আগুন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন রূপঙ্কর এবং তাঁর পরিবারের সকলে।
আরও পড়ুন: অনলাইনে পুরনো নোট বা কয়েন কেনেন? সাবধান, প্রতারণার নতুন ছক
জানা গেছে গত শনিবার সন্ধ্যাবেলায় হঠাৎই রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) রান্নাঘরের চিমনিতে ছোটখাটো বিস্ফোরণ হয়। তা থেকেই আগুন ধরে যায় সেখানে। চিমনিটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ছিল, তাতে পাখি বাসা বেঁধে রয়েছিল বলেও জানা গেছে। সেই অনেকদিন পড়ে থাকা চিমনি শনিবার সন্ধ্যায় ফের চালানো হয়। তা থেকেই অঘটন ঘটে।
রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) স্ত্রী জানিয়েছেন, তাঁদের মেয়ের রান্না করার সাধ হয়েছিল। ওই বাড়িতে দুটি রান্নাঘর রয়েছে। একটি নিয়মিত ব্যবহৃত হয় আর অন্যটিতে সচরাচর রান্নাবান্না করা হয় না। সেই রান্নাঘরেই রূপঙ্করের মেয়ে রান্না করতে গিয়েছিলেন। চিমনির মধ্যে যে পাখি বাসা করে রয়েছে তাও জানতেন না কেউ। চিমনি চালিয়ে রান্নার জোগাড় করতে করতেই হঠাৎ বিকট শব্দ হয়, ফেটে যায় চিমনিটি। তা থেকে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরে। চিমনির মধ্যে পাখির বাসাও পুড়ে ছাই। খড়কুটো ছড়িয়ে পড়ে ঘরময়।
আচমকা আগুনে গোটা পরিবার তখন দিশাহারা। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন রূপঙ্কর নিজেই। তাঁর স্ত্রী বুদ্ধি করে বাড়িত সমস্ত ইলেকট্রিক আলো-পাখা নিভিয়ে দেন। ডাকেন নিরাপত্তারক্ষীদের। সকলের সাহায্যে অবশেষে আগুন নেভানো সম্ভব হয়েছে। পরিবারের সকলেই সুস্থ রয়েছেন, তবে আতঙ্ক পিছু ছাড়ছে না। সময়মতো আগুন না নেভানো গেলে যে আরও বড় বিপদ হতে পারত তা বলাই বাহুল্য। বাড়িতে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করা এবং সাবধানে সতর্কতার সঙ্গে ব্যবহার করার আর্জি তাঁরা জানিয়েছেন সকলের কাছে।