
গানের ভিডিওতে রূপম ইসলাম
শেষ আপডেট: 20 September 2024 16:39
দ্য ওয়াল ব্যুরো: সামনেই দুর্গাপুজো। আরজি কর কাণ্ডের মধ্যেই উৎসবে ফিরছেন মানুষ। এই আবহেই এবার মুক্তি পাচ্ছে রূপম ইসলামের কণ্ঠে নতুন গান ‘নৌকা বিলাসী’।
গানটি লিখেছেন সোহম মুখোপাধ্যায়। সুর দিয়েছেন শিলাদিত্য-সোম। রূপমের ‘আমি’ অ্যালবামের পর এই গানেও গিটারে রয়েছেন অমিত দত্ত। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রিঙ্গো।
রকস্টার রূপমের গানে রকিং ছোঁয়া থাকবে না তা হয় না। তথাকথিত ‘পুজোর গান’ বলতে যা বোঝায় তাতে খুব একটা রক ঘরানা থাকে না। ‘নৌকা বিলাসী’ নামে এই গান যে ব্যতিক্রম, তা ভিডিও দেখলেই স্পষ্ট হয়ে যায়।
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর এই গানটির আনুষ্ঠানিক প্রকাশ পিছিয়ে যায়। বিচারের দাবিতে আন্দোলনকে সমর্থন জানিয়েই অবশেষে আশা অডিও থেকে বেরোচ্ছে ‘নৌকা বিলাসী’।
আজ ২০ সেপ্টেম্বর এই গান প্রকাশ পাচ্ছে। সন্ধে ৬টা থেকে আশা অডিওর ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই এই গান শোনা যাবে। রূপমের গান মানেই সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষে ঢুকে যায় প্রতিবাদ। কিন্তু এই গানে তা থাকছে না।
অন্যদিকে রূপম তোড়জোড় চালাচ্ছেন তাঁর ব্যান্ড ফসিলস-এর নতুন অ্যালবাম নিয়েও। অনুরাগীরাও অপেক্ষা করে আছেন তাঁদের প্রিয় ব্যান্ডের নতুন অ্যালবাম নিয়ে। এখন দেখার কবে আসে ‘এফ সেভেন’।