
রূপম ইসলাম
শেষ আপডেট: 15 April 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো: জি. ডি. বিড়লা সভাঘরে আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে রূপম ইসলামের ‘একক’ সঙ্গীত পরিবেশনা।
এখানে মঞ্চে তিনি একা, গাইবেন মূলত সেই সব গান যা নিয়মিত গাইবার সুযোগ নেই। ‘একক’ সিরিজ়ের এটি হতে চলেছে ষাটতম আসর। 'বোরোলিনের খাস একক’ নামের এই সঙ্গীত আয়োজন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ,কারণ এদিনই প্রকাশিত হবে তাঁর গান সংকলনের দ্বিতীয় খণ্ড— ‘গান সমগ্র ২’।
শিল্পী রূপম ইসলাম জানালেন,'বারো বছরে ষাটতম ‘একক’ সত্যিই খাস। বারো বছর মানে কিন্তু একটা যুগ। 'ফসিলস'-এর পাশাপাশি অপরিচিত গান গেয়ে যে বিকল্প মঞ্চ গড়ে তুলতে পেরেছি তাতেই আমি খুশি।আমার প্রতিটি ‘একক’ পূর্ণ প্রেক্ষাগৃহের সম্মান পেয়েছে— এটা সত্যিই একটা খাস ব্যাপার। এটাকে সেলিব্রেট করতে আমি এমন কিছু পরিকল্পনা নিয়েছি যা সচরাচর ‘একক’-এ দেখা যায় না। অন্যদিকে আমার যাবতীয় গান প্রকাশ করছে আনন্দ পাবলিশার্স। এই ‘গান সমগ্র’-এর দ্বিতীয় খণ্ড প্রকাশ পাবে এদিন। আর বোরোলীনের মতো একটি ঐতিহ্যপূর্ণ ব্র্যান্ড এই অনুষ্ঠানের সঙ্গে
রয়েছে ,এটা সত্যিই গর্বের।'
২০১৩ সালের ২৫ জানুয়ারি, রূপম ইসলামের ৩৯তম জন্মদিনে মাত্র ৫০ জন শ্রোতা নিয়ে এক অন্তরঙ্গ সমাবেশ হিসেবে শুরু হয়েছিল 'একক’। এখন শহর কলকাতার অন্যতম উল্লেখযোগ্য এই লাইভ কনসার্ট। রূপম ইসলামের এই অনুষ্ঠান তার স্বকীয়তায় মন জয় করেছে সঙ্গীতানুরাগীদের। এখানে শিল্পী স্টেজে সম্পূর্ণ একা; গিটার, কি-বোর্ড, ইউকুলেলে এবং হারমোনিকার মাধ্যমে শ্রোতাদের সঙ্গে সঙ্গীতের ঊর্ধ্বে এক বন্ধন তৈরি করেছেন রূপম।
প্রেম -প্রেমহীনতা, লাভ-ক্ষতি, অবিচার-প্রতিরোধ, বিশ্বাস-ভণ্ডামি, বৃহত্তর কিছুর জন্য সংগ্রাম— এই বিষয়গুলো গানের হাত ধরে 'একক'-এর পরিবেশনায় উঠে আসে। তাঁর কণ্ঠ এবং গিটার, সঙ্গে কি-বোর্ড, ইউকুলেলে, হারমোনিকা-সব মিলিয়ে রূপম ইসলাম তাঁর আবেগকে সঙ্গীতে প্রতিধ্বনিত করেন। এটি কেবল একটি কনসার্ট-সিরিজ নয়, এ যেন অনুভূতির মিলনক্ষেত্র।
২০১৩ সালের ২৫শে মে, আইসিসিআর অডিটোরিয়ামে তাঁর দ্বিতীয় একক কনসার্ট হযেছিল। এটা ছিল শুরু। এই বারো বছরে তাঁর কণ্ঠস্বর, আবেগ, প্রকাশ যেন হয়ে উঠেছে বিশেষ আন্দোলন।
এবার ‘খাস একক’-এ প্রকাশ পাবে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত “গান সমগ্র ২”, রূপম ইসলামের পূর্ণাঙ্গ গান সম্ভারের দ্বিতীয় খণ্ড। একশোটি নির্বাচিত গান নিয়ে তৈরি এই সংকলন তুলে ধরে তাঁর বহুমাত্রিক সঙ্গীতপথের নানান অধ্যায়।