
শেষ আপডেট: 4 June 2022 15:24
শুক্রবার একসঙ্গে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক্স ইকুয়ালস টু প্রেম’ আর রাজ চক্রবর্তীর ‘হাবজি গাবজি’। কিন্তু ছবিমুক্তির আগের দিন থেকে নতুন বিতর্কে ফের জড়িয়েছে নন্দনের নাম (Nandan)। সরকারি এই সিনেমা হলে শো পায়নি সৃজিত মুখোপাধ্যায়ের ছবি। কিন্তু নন্দনে এসেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়দের ‘হাবজি গাবজি’। যা নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছিলেন সৃজিত। এবার নন্দন প্রসঙ্গে মন্তব্য করলেন রুদ্রনীল ঘোষও (Rudranil Ghosh)।

আরও পড়ুন: তিন দশক ধরে ঢেউ ডিঙিয়ে ছুটি পেল অক্ষয়-নিশঙ্ক, দেশ পাহারায় অনেক রেকর্ড
শুক্রবার ‘এক্স ইকুয়ালস টু প্রেম’ ছবির প্রিমিয়ারে রুদ্রনীলকে (Rudranil Ghosh) নন্দন বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, "নন্দন তৈরিই হয়েছিল রেগুলার কমার্শিয়াল ছবি (যেগুলো অন্যান্য হলে এমনিতেই জায়গা পাবে) বাদ দিয়ে একটু ভিন্নধারার ছবিকে জায়গা দেওয়ার জন্য। সত্যজিৎ রায়রা সেসময় এভাবেই ভেবেছিলেন। এই ছবিটা নন্দনে কেন জায়গা পায়নি আমি জানি না। আমি এটুকুই বলতে পারি, রাজনৈতিক মতামতের জন্য সরকারি জায়গাকে ব্যবহার করা উচিত নয়, এটা থেকে বিরত থাকাই ভাল।"
রুদ্রনীল (Rudranil Ghosh) আরও বলেন, "রাজনীতিকে সবসময় সংস্কৃতিই সমৃদ্ধ করেছে, ইতিহাস তাই বলে। কিন্তু সংস্কৃতিকে রাজনীতি কতটা সমৃদ্ধ করেছে তা নিয়ে প্রশ্ন আছে। রাজনীতি বা সরকারনীতির প্রয়োজনে যদি সংস্কৃতি ভ্রষ্ট হয়, তাহলে আখেরে লাভ হবে রাজনীতিরই। সরকারের কোনও নীতি পছন্দ হয়নি বলে, বা কেউ কোথাও কোনও সঠিক কথা বলেছিল বলে তাঁর উপর কোপ পড়ছে- এই কথাগুলো কানে যেন শুনতে না হয়, আমি সেটাই চাইব।"
উল্লেখ্য, নন্দন এর আগেও অনুরূপ বিতর্কে জড়িয়েছিল। অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ নন্দনে শো পায়নি। সত্যজিৎ রায়ের জীবন নিয়ে তৈরি ছবি কেন সত্যজিৎ রায়ের প্রাণের হলে জায়গা পেল না সেই প্রশ্নে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। এর মাঝে বৃহস্পতিবার সৃজিত মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, দুটো ছবি একইসঙ্গে মুক্তি পাচ্ছে। তবু কেন নন্দনে একটার জায়গা হল আর একটা বাদ পড়ল? ঠিক কোন নিয়মের ভিত্তিতে নন্দনে ‘এক্স ইকুয়ালস টু প্রেম’ শো পেল না জানতে চেয়েছেন সৃজিত। সেই মন্তব্যের পাল্টা দিয়ে আবার শাসকদলের বিধায়ক রাজ লিখেছিলেন, ‘বিতর্কে লাভ নেই, ছবি কথা বলবে’। রাজ-সৃজিতকে কেন্দ্র করে বেড়ে ওঠা নন্দন বিতর্ক আরও উস্কে দিলেন রুদ্রনীল ঘোষ।